
গ্রাফিক্স-দ্য ওয়াল
শেষ আপডেট: 1 May 2025 13:34
দ্য ওয়াল ব্যুরো: পহেলগাম হামলার জের! এবার ভারতে ব্লক করা হল পাকিস্তানি শিল্পীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট (Pak Artists Instagram Account Blocked in India)। তালিকায় রয়েছে, হানিয়া আমির, মাহিরা খান, আলি জাফার সহ আরও অনেকেই। এদেশেও পাক শিল্পীদের অনুরাগীদের সংখ্যা অনেক। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তাঁদের বিভিন্ন আপডেট পান। তবে এখন তাঁদের অ্যাকাউন্টে ঢুকলেই দেখা যাচ্ছে, লেখা রয়েছে, 'এই অ্যাকাউন্টটির ভারতে অস্তিত্ব নেই। আইনি অনুরোধ মেনেই কন্টেন্ট সীমাবদ্ধ করা হয়েছে।'
হানিয়া আমির (Hania Amir), মাহিরা খান (Mahira Khan), সনম সঈদ, বিলাল আব্বাস, ইকরা আজিজ, আলি জাফর, সজল আলি, ইমরান আব্বাসের ইনস্টা হ্যান্ডেল ভারতে নিষিদ্ধ করা হয়েছে। 'আবির গুলাল' নিয়ে বিতর্কের পরও ফাওয়াদ খানের অ্যাকাউন্ট এখনও ব্লক করা হয়নি। এছাড়া, সঙ্গীতশিল্পী আতিফ আসলাম, সাবা কামারের ইনস্টাগ্রামের ওপর এখনও কোপ পড়েনি।
ভারতে পাকিস্তানি শিল্পীদের জনপ্রিয়তা দারুণ। তাঁদের ফলোয়ারদের মধ্যে অনেক ভারতীয়রাই রয়েছেন। সজল আলি (মম), ইমরান আব্বাস (ক্রিয়েচার), সাবা কামার (হিন্দি মিডিয়াম) বলিউডে কাজও করেছেন। ইউটিউবে পাকিস্তানি ড্রামার বহু দর্শক ভারতীয়।
আতিফ আসলাম একসময়ে ভারতে চুটিয়ে কাজ করেছেন। 'পহেলি নজর মে', 'তেরা হোনে লাগা হুঁ', 'তেরে বিন', 'তেরে সাঙ্গ ইয়ারা' সহ আরও একাধিক গান বিশাল জনপ্রিয়। আলি জাফার বলিউডে অভিনয়ের পাশাপাশি গানও গেয়েছেন।
পাকিস্তানের একাধিক শিল্পী ভারতে রমরমিয়ে কাজ্জ করেছেন। কিন্তু ২০১৬ সালের উরি হামলার পর চিত্রটা পাল্টায়। তাঁদের ভারতে বয়কট করা হয়। অবশেষে সেই জটিলতা কাটিয়ে দেয় সুপ্রিম কোর্ট। এরফলে পাক শিল্পীদের ভারত এসে কাজ করার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা ছিল না। কিন্তু পহেলগাম হামলা কার্যত আবার সেই অতীতেই ফিরিয়ে নিয়ে গেল।
ভারতে নিষিদ্ধ করা হয়েছে ফাওয়াদ খান (Fawad Khan) ও বাণী কাপুর অভিনীত 'আবির গুলাল' (Abir Gulal)। অন্যদিকে পাকিস্তানেও মুক্তি পাচ্ছে না এই সিনেমা। এমনকি ইউটিউব থেকেও তাঁদের ছবির গান সরিয়ে নেওয়া হয়েছে। কাশ্মীরের পহেলগামের ঘটনার কারণে পাকিস্তানি শিল্পীদের যে রোষানলে পড়তে হচ্ছে সে কথা বলাই বাহুল্য। কয়েকমাস আগেই দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টে দেখা যায় হানিয়া আমিরকে। এরপরই শোনা গিয়েছিল, পাঞ্জাবি ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন হানিয়া আমির। 'সর্দারজি ৩' সিনেমায় দিলজিতের বিপরীতে দেখা যাবে তাঁকে। তবে পহেলগাম হামলার পর সেই সিনেমা থেকে বাদ পড়েছেন হানিয়া, খবর সুত্রের।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলা (Pahalgam Terror Attack) চালায় জঙ্গিরা। হামলার দায় স্বীকার করে লস্কর-ই-তইবার শাখা সংগঠন 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট'। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। সার্ক ভিসা বাতিল করে পাকিস্তানিদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়।