'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শুটিংয়ের সময় দুর্ঘটনা ঘটে। তালসারির বিচ সাইডে (Talsari Sea Side) বেশ কয়েকটি ক্যামেরা স্ট্যান্ডিং অবস্থায় ছিল। সেই ভিডিও ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

শেষ আপডেট: 30 March 2026 12:48
দ্য ওয়াল ব্যুরো: ঘুমের দেশে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee News), কিন্তু পিছনে রেখে গেলেন হাজারো প্রশ্ন। কীভাবে জলে পড়ে গেলেন রাহুল? ক্রু সদস্যদের সামনেই দুর্ঘটনা? সহ অভিনেত্রীকে বাঁচাতে গিয়ে মর্মান্তিক পরিণতি? নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল? এই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। আর এই তদন্তে নেমেই তাদের হাতে এসেছে দুর্ঘটনার সময়ের ভিডিও ফুটেজ।
'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শুটিংয়ের সময় দুর্ঘটনা ঘটে। তালসারির বিচ সাইডে (Talsari Sea Side) বেশ কয়েকটি ক্যামেরা স্ট্যান্ডিং অবস্থায় ছিল। সেই ভিডিও ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
সূত্রে খবর, রাহুল-শ্বেতার (Rahul-Shweta) একটি নাচের দৃশ্য ছিল। সেইসময়েই তারা জলের দিকে এগিয়ে যেতে শুরু করেন। বেশ কিছুটা যেতেই আচমকাই শ্বেতা ধীরে ধীরে মাটির দিকে নিচু হতে শুরু করেন, এরপর পড়ে যান। কিছুক্ষণের মধ্যেই রাহুলও (Rahul Arunoday Banerjee Death) পড়ে যান। সেইসময় জোয়ার শুরু হয়, ফলে জলের স্রোতের ধাক্কায় অভিনেতা কিছুটা দূরে চলে যান, বলেই খবর। তবে এই খবর যেন বিশ্বাসের নয়। প্রত্যেকের মুখে কিংবা কলমে একই কথা, কেউ যদি এসে একবার বলে যেত, এখবর মিথ্যা...।
#REEL
ঘটনা ঘটার কিছুক্ষণ পর থেকেই ছড়িয়ে পড়তে থাকে নানাজনের নানা মত। এক একজনের কথায় উঠে আসে এক এক তথ্য। কেউ বলছেন ২ ঘণ্টা ধরে নিখোঁজ, কেউ বলছেন তিনি নৌকায় ছিলেন, কারও কথায় আবার হাঁটু জলে তলিয়ে যান রাহুল। সত্যি কী ঘটেছিল, জানতে মরিয়ে সকলে। শিল্পী মহলের একাধিক সদস্যরা তুললেন তদন্তের দাবি।
অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র সোস্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লেখেন,
“কোনও নিরাপত্তা ছাড়া শুটিং হচ্ছে, এর দায় নিতেই দাবি ইন্ডাস্ট্রিকে। আর ধামাচাপা দেওয়া যাবে না। শিল্পীদের জন্য বাংলা ফিল্ম সো-কল্ড ইন্ডাস্ট্রি নিরাপদ নয়। জীবনের ঝুঁকি নিয়ে প্রচুর শিল্পী প্রচুর কাজ করেছে। অরুণোদয় খুব প্রফেশনাল শিল্পী। শুটিং তখন চলছিল, ঈশ্বর এদের ছেড়ো না।”
একই সুর অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর গলাতেও। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখলেন, ‘আমি সুদীপ্তা চক্রবর্তী, অভিনেতা এবং পশ্চিমবঙ্গ মোশন পিকচার আর্টিস্ট ফোরাম (West Bengal Motion Picture Artists' Forum)-এর সাধারণ একজন সদস্য হিসাবে (সদস্য সংখ্যা 315) আমার সহকর্মী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)-র শুটিং স্পটে অস্বাভাবিক মৃত্যুর পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ পুলিশি তদন্ত দাবী করছি।’ তিনি আরও লেখেন, ‘আমাদের ফোরাম এ বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে, তাও জানতে চাই। কার্যনির্বাহী কমিটির যে কজন সদস্যের যোগাযোগের নম্বর আমার কাছে ছিল, তাঁদের ব্যক্তিগতভাবে জানিয়েছি। বাকিদের এখানেই জানালাম।’
সোমবার সকালে অভিনেত্রী চৈতি ঘোষাল রাহুলের বাড়িতে পৌঁছান পরিবারের সঙ্গে দেখা করতে। সেখান থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘সে চলে গেল অকালে। তদন্ত হওয়া দরকার। কেন আমরা এমন একজন অভিনেতাকে হারালাম? ১৯৭৭ সালে কিংবদন্তি অভিনেত্রী কেয়া চক্রবর্তীকে আমরা এভাবে হারিয়েছিলাম। এখনও তাই ঘটল? এর দায় আমাদের সবাইকে নিতে হবে।’
এছাড়াও বহু শিল্পী তদন্তের দাবি করেছেন। সোশ্যাল মিডিয়া খুললেই রাহুলের মৃত্যু ঘিরে একগুচ্ছ প্রশ্ন নজরে আসছে। যার উত্তরের অপেক্ষায় পরিবার সহ অনুরাগীরা।