স্ত্রী লুসিয়ানা ডুভাল এক আবেগঘন বার্তায় জানান, বিশ্ববাসীর কাছে তিনি ছিলেন কিংবদন্তি অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার। শিল্পের প্রতি তাঁর নিষ্ঠা ছিল যেমন গভীর, তেমনি পরিবার ও ঘনিষ্ঠজনদের সান্নিধ্যও তিনি সমানভাবে উপভোগ করতেন।

শেষ আপডেট: 17 February 2026 11:32
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত অস্কারজয়ী কিংবদন্তি মার্কিন অভিনেতা রবার্ট ডুভাল (Robert Duvall)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তাঁর মৃত্যুসংবাদে শোকাহত বিশ্ব চলচ্চিত্রমহল। পরিবার সূত্রে জানা গিয়েছে, ভার্জিনিয়ার মিডলবার্গে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
স্ত্রী লুসিয়ানা ডুভাল এক আবেগঘন বার্তায় জানান, বিশ্ববাসীর কাছে তিনি ছিলেন কিংবদন্তি অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার। শিল্পের প্রতি তাঁর নিষ্ঠা ছিল যেমন গভীর, তেমনি পরিবার ও ঘনিষ্ঠজনদের সান্নিধ্যও তিনি সমানভাবে উপভোগ করতেন।
১৯৬২ সালে টু কিল এ মকিংবার্ড (To Kill a Mockingbird) ছবিতে বু র্যাডলির চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। ধীরে ধীরে সংযত অথচ শক্তিশালী অভিনয়ে দর্শক ও সমালোচকদের মন জয় করেন। পরে দ্য গডফাদার (The Godfather) ছবিতে টম হ্যাগেনের ভূমিকায় অভিনয় করে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। পরিচালক Francis Ford Coppola-র পরিচালনায় তৈরি এই ছবিতে অন্যান্য খ্যাতনামা অভিনেতাদের মাঝেও তিনি নিজস্ব স্বাতন্ত্র্য বজায় রেখেছিলেন।
১৯৮৩ সালে Tender Mercies ছবিতে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেতা বিভাগে অস্কার পদক জেতেন। এছাড়া Apocalypse Now-এ লেফটেন্যান্ট কর্নেল কিলগোর চরিত্রে তাঁর অভিনয় আজও স্মরণীয়। পরবর্তীতে The Apostle ছবিতে অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্য লেখা, পরিচালনা ও প্রযোজনার দায়িত্ব পালন করে আরও একবার অস্কার মনোনয়ন পান।
পাঁচ দশকেরও বেশি সময়জুড়ে বিস্তৃত তাঁর অভিনয়জীবন প্রমাণ করে, গভীর মনন ও নিষ্ঠা থাকলে অভিনেতাও হয়ে উঠতে পারেন ইতিহাসের অংশ। রবার্ট ডুভাল সেই বিরল শিল্পী, যিনি প্রতিটি চরিত্রকে অসাধারণ দক্ষতায় তুলে ধরে পর্দায় যেন প্রাণ দিয়েছিলেন।