
শেষ আপডেট: 13 March 2023 13:52
দ্য ওয়াল ব্যুরো: ঐতিহ্যময় পুরস্কারের মঞ্চ মানেই অনুষ্ঠান শুরুর আগে সেলিব্রিটিদের রেড কার্পেটে (Red Carpet) হাঁটা। অস্কারের রেড কার্পেটে পা রাখার জন্য মুখিয়ে থাকেন দেশ-বিদেশের নামী তারকারা। তবে ২০২৩ এর অস্কার (Oscar 2023) মঞ্চে আর রেড কার্পেটে হাঁটা হল না অতিথিদের। কার্পেটের রং লাল থেকে বদলে হয়ে গেল সোনালি (Champagne carpet)।
হঠাৎ এই বদল কেন?
গত ছয় দশক ধরে অস্কারের কার্পেট লাল রঙেরই বিভিন্ন শেডে সেজে উঠেছে। এই প্রথমবার লাল থেকে সোনালি হল কার্পেট। জানা গেছে, সৃজনশীল নির্দেশক লিজা লাভ এবং রাউল আভিলার পরামর্শেই এই বদল। বদল ঘটেছে সময়েও। এই প্রথমবার অস্কার পুরস্কার প্রদানের সময় গোধূলিতে অর্থাৎ সূর্যাস্তের সময়। সূর্যাস্তের রঙের সঙ্গে সঙ্গতি রেখেই রেড কার্পেট সোনালি কার্পেট হয়েছে, জানালেন লিজা।
তবে লাল কার্পেটের সোনালি হওয়ার পিছনে আরও কারণ রয়েছে। লাল রং রক্তের রং। তাই লাল রং বদলে সোনালি রঙের মধ্যে দিয়ে শান্তির বার্তাও দিতে চেয়েছে অস্কার কর্তৃপক্ষ। পাশাপাশি, ঐতিহ্যময় কালো পোশাকের সঙ্গে সোনালি কার্পেট বেশি মানানসই এমনটাই মন্তব্য লিজার।
কার্পেটের এই রং বদল নিয়ে নানা মত প্রকাশ করেছেন তারকারা। কারুর মতে, এই কার্পেটের রং তাঁর পোশাকের সঙ্গে হুবহু মিলে গেছে। আবার সঞ্চালক মজা করে বলেছেন, এবার আর অস্কারে কোন রক্তপাত হবে না।
প্রসঙ্গত, যখন থেকে অস্কার পুরস্কার অনুষ্ঠান টেলিভিশনে সম্প্রচারিত হতে শুরু করে তখন থেকেই তারকাদের রেড কার্পেটে হাঁটতে দেখতেই অভ্যস্ত দর্শক। এই প্রথমবার সেই নিয়মের বদল ঘটতে দেখা গেল।