ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদানের জন্য দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ পাচ্ছেন তিনি। এই ঘোষণার পর থেকেই টলিপাড়ায় তাঁকে ঘিরে উচ্ছ্বাস। একের পর এক সহকর্মী ও অনুরাগী শুভেচ্ছা জানাচ্ছেন অভিনেতাকে।

শেষ আপডেট: 2 February 2026 13:06
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ অভিনয় জীবনের স্বীকৃতি। চলতি বছরের ২৫ জানুয়ারি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) নাম কেন্দ্রীয় সরকার নথীভুক্ত করেন পদ্ম সম্মানের (Padma Samman) তালিকায়। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদানের জন্য দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ পাচ্ছেন তিনি। এই ঘোষণার পর থেকেই টলিপাড়ায় তাঁকে ঘিরে উচ্ছ্বাস। একের পর এক সহকর্মী ও অনুরাগী শুভেচ্ছা জানাচ্ছেন অভিনেতাকে।
এই আনন্দের আবহেই সম্প্রতি প্রসেনজিতের বাড়িতে হাজির হন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। উপহার হাতে তাঁরা অভিনেতাকে শুভেচ্ছা জানান। সেই মুহূর্তের একটি ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ে। ছবিটি শেয়ার করেছে টলিউড অনলাইন।
ছবিতে দেখা যাচ্ছে, প্রসেনজিতের দু’পাশে দাঁড়িয়ে যশ ও নুসরত। হাসিমুখে নুসরত তাঁর কাঁধে মাথা রেখে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। নুসরতের পরনে সাদা-কালো জেব্রা প্রিন্টের ওয়ান পিস, যশ ছিলেন নীল শার্ট ও হালকা নীল-ধূসর রঙের জিন্সে। প্রসেনজিৎ পরেছিলেন হালকা ধূসর রঙের উলের ট্রাউজার ও ফুলহাতা টি-শার্ট।
অভিনেতার জন্য তাঁরা সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন সাজানো উপহারের ডালি। ফল ও চকোলেটে ভরা সেই উপহার হাতে নিয়েই তাঁরা ছবি তোলেন। পদ্মশ্রী সম্মান প্রাপ্তির জন্য শ্রদ্ধা ও অভিনন্দন জানানোই ছিল তাঁদের এই সৌজন্য সাক্ষাতের মূল উদ্দেশ্য।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয় যাত্রা শুরু হয়েছিল খুব অল্প বয়সেই। ১৯৬৮ সালে মুক্তি পাওয়া ‘ছোট্ট জিজ্ঞাসা’ ছবিতে শিশুশিল্পী হিসেবে প্রথম পর্দায় দেখা যায় তাঁকে। পরে ‘শত্রু’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করে আলাদা করে নজরে আসেন। সময়ের সঙ্গে সঙ্গে রোম্যান্টিক হিরো হয়ে ওঠা এবং একসময় টলিপাড়ার অন্যতম ভরসাযোগ্য মুখে পরিণত হওয়া—এই দীর্ঘ পথচলায় বারবার নিজেকে ভেঙে গড়েছেন তিনি।
বাণিজ্যিক ছবির মাধ্যমে বাংলা সিনেমার বাজারকে যেমন নতুন গতি দিয়েছেন প্রসেনজিৎ, তেমনই সমান্তরাল ও ভিন্নধারার ছবিতেও নিজের অভিনয় দক্ষতার প্রমাণ রেখেছেন। সাম্প্রতিক সময়ে বাংলা ইন্ডাস্ট্রির সীমা ছাড়িয়ে বলিউডেও কাজ করেছেন তিনি। দীর্ঘ সেই লড়াইয়ের স্বীকৃতি মিলল এবার পদ্মশ্রী সম্মানে।
কাজের দিক থেকে অভিনেতাকে সর্বশেষ দেখা গিয়েছে ‘বীজয়গরের হীরে’ ছবিতে। সরস্বতী পুজোর আবহে, চলতি বছরের ২৩ জানুয়ারি মুক্তি পেয়েছে সেই ছবি। অন্যদিকে, যশ ও নুসরত শেষবার একসঙ্গে পর্দায় হাজির হয়েছিলেন তাঁদের নিজস্ব প্রযোজনা সংস্থার ছবি ‘আড়ি’-তে।