রেখা-জয়া নন! অমিতাভ বচ্চনের প্রথম প্রেম ছিলেন কলকাতার এক বাঙালি তরুণী।

ছবি: দ্য ওয়াল
শেষ আপডেট: 27 February 2026 13:51
দ্য ওয়াল ব্যুরো: অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), রেখা ও জয়া বচ্চন, এই ত্রয়ীকে ঘিরে বলিউডে চর্চার শেষ নেই। তবে অনেকেরই অজানা, বিগ বি-র জীবনের প্রথম প্রেম কিন্তু জয়া বা রেখা নন। তিনি ছিলেন এক বাঙালি তরুণী, নাম মায়া। মেরি সহেলি নামে একটি পডকাস্টে বিশিষ্ট লেখক ও চলচ্চিত্র ইতিহাসবিদ হানিফ জাভেরি অমিতাভের সেই প্রথম প্রেমের কথা উল্লেখ করেন।
তাঁর কথায়, কলকাতায় চাকরি করার সময়ই মায়ার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে অমিতাভের। মায়া ছিলেন ব্রিটিশ এয়ারওয়েজের কর্মী। কর্মসূত্রে শহরে থাকতে থাকতেই দু’জনের ঘনিষ্ঠতা বাড়ে। একে অপরের প্রেমে গভীরভাবে জড়িয়ে পড়েছিলেন তাঁরা।
পরে সিনেমায় কেরিয়ার গড়তে মুম্বইয়ে পাড়ি দেন অমিতাভ। সেখানে তিনি তাঁর কাকার সঙ্গে থাকতেন। শোনা যায়, সেই সময় মাঝেমধ্যেই মায়াও মুম্বইয়ে আসতেন অমিতাভের সঙ্গে দেখা করতে। কিন্তু বিষয়টি নিয়ে অস্বস্তিতে ছিলেন অভিনেতা। তাঁর মনে হয়েছিল, কাকা মায়ার এই আসা-যাওয়া পছন্দ করছেন না।
এছাড়া অমিতাভের মনে ভয় ছিল, মা তেজি বচ্চন যদি এই সম্পর্কের কথা জানতে পারেন, তা হলে সমস্যা তৈরি হতে পারে। কথিত আছে, প্রকাশ্যে অমিতাভের সঙ্গে ফ্লার্ট করতেন মায়া, যা তাঁকে অস্বস্তিতে ফেলত। শেষমেশ নিজের উদ্বেগের কথা জানান তিনি অভিনেতা মেহমুদ-এর ভাই আনোয়ার আলী-কে।
আনোয়ার নাকি তাঁকে পরামর্শ দেন, “তুমি মায়ার সঙ্গে সারাজীবন কাটাতে পারবে না। বচ্চন পরিবারে তাঁর মানিয়ে নেওয়া কঠিন হবে। তুমি যত এগোবে, সমস্যা তত বাড়বে।” সেই পরামর্শের পরই মায়ার সঙ্গে সম্পর্ক শেষ করেন অমিতাভ।
এরপর ১৯৭০ সালে পুনে ফিল্ম ইনস্টিটিউটে প্রথম দেখা হয় অমিতাভ ও জয়া ভাদুড়ির। তখন জয়া ইতিমধ্যেই তারকা, বলিউডে তাঁর কেরিয়ারও প্রতিষ্ঠিত। কিন্তু প্রেমের ক্ষেত্রে সেই তারকাখ্যাতি বাধা হয়ে দাঁড়ায়নি।
অমিতাভ ও জয়ার বিয়ে নিয়েও রয়েছে চমকপ্রদ কাহিনি। ‘চট মঙ্গনি, পট বিহা’—ঠিক তেমনই। তাঁদের ছবি জাঞ্জির-এর সাফল্য উদযাপন করতে বন্ধুদের সঙ্গে লন্ডন যেতে চেয়েছিলেন দু’জন। কিন্তু অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন বিয়ের আগে তাঁদের একসঙ্গে বিদেশযাত্রায় সম্মতি দেননি। ফলে তড়িঘড়ি বিয়ের সিদ্ধান্ত। ১৯৭৩ সালের ৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন অমিতাভ ও জয়া বচ্চন। আর সেদিন রাতের ফ্লাইটেই উড়ে যান লন্ডনে।