জীবনের শুরুতে আর্থিক টানাপোড়েনই শাহরুখকে কঠোর পরিশ্রমে বিশ্বাসী করে তোলে। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি কোনওদিন।

শাহরুখ খান (ফাইল ছবি)
শেষ আপডেট: 2 November 2025 17:46
দ্য ওয়াল ব্যুরো: পরিশ্রম, প্যাশন আর পেশাদারিত্ব, এই তিনে গড়া শাহরুখ খানের (Shah Rukh Khan) কেরিয়ার। বলিউড বাদশা শুধু তাঁর অভিনয়েই নয়, কাজের নীতিতেও বারবার নজির গড়েছেন। নিজের রেকর্ড ভেঙেছেন নিজেই। সম্প্রতি মোহর বসুর লেখা জীবনীতে উঠে এসেছে এমনই এক গল্প, তাঁকে কেন মানুষ এত ভালবাসে, সেটা এই গল্প শুনলে খানিকটা আন্দাজ করা যাবে।
হার্পার কলিন্স প্রকাশিত বইটিতে বলা হচ্ছে, শাহরুখ এক নয়, করণ জোহরের (Karan Johar) প্রযোজিত দুই ছবিতে একদম বিনা পারিশ্রমিকে অভিনয় করেছিলেন, ২০১৬ সালের ‘এ দিল হ্যায় মুশকিল’ (Ae Dil Hai Mushkil) ও ২০২২ সালের ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra)। দুই ছবিতেই মুখ্য ভূমিকায় ছিলেন রণবীর কাপুর (Ranbir Kapoor)।
‘ব্রহ্মাস্ত্র’-এ ১৪ দিন, পারিশ্রমিক শূন্য
রিপোর্টে বলা হয়েছে, ‘ব্রহ্মাস্ত্র’ ছবির জন্য শাহরুখ ১৪ দিন শ্যুট করেছিলেন, কিন্তু এক টাকাও নেননি। ছবিতে তাঁর সংক্ষিপ্ত চরিত্র ‘মোহন ভার্গব’ দর্শকদের কাছে আজও স্মরণীয়।
তবে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ তাঁর গেস্ট অ্যাপিয়ারেন্স আরও বিশেষ হয়ে আছে একটি সংলাপের জন্য— ‘একতরফা প্যায়ার কা তাকত হি কিছু অউর হোতি হ্যায়… উও রিশতোঁ কি তরহ দো লোগোঁ মে নেহি বাটতি। সিরফ মেরা হক হ্যায় ইসপে, সিরফ মেরা!’ এই সংলাপকে অনেকেই শাহরুখের কেরিয়ারের অন্যতম সেরা বলে মানেন।
বইটিতে আরও উল্লেখ করা হয়েছে, জীবনের শুরুতে আর্থিক টানাপোড়েনই শাহরুখকে কঠোর পরিশ্রমে বিশ্বাসী করে তোলে। লেখক উল্লেখ করেছেন, ‘কঠিন শুরুর পর যখন সাফল্য এল, তখন অর্থ তাঁর কাছে আত্মনির্ভরতার প্রতীক হল। 'কাভি হাঁ কাভি না' ছবির শেষ পর্যায়ের কাজ নিজের টাকায় শেষ করেছিলেন তিনি। ডিডিএলজে-র (DDLJ) পর থেকেই জীবনে এমন সাফল্য আর অর্থ আসতে শুরু করল, যা আগে কখনও ভাবেননি।’
সেই অর্থই একসময় তাঁকে দেয় স্বপ্নের বাড়ি ‘মন্নত’ (Mannat)। যাই হয়ে যাক, যত বড়ই হয়েছেন, পেশাদার জীবনের প্রতিটি পদক্ষেপে নিজের মূল্যবোধে অনড় থেকেছেন কিং খান। তাই হয়তো আজও তিনি শুধু ‘সুপারস্টার’ নন, বলিউডে এক অনুপ্রেরণার নাম।