বলিউডের কিং শাহরুখ খানের জন্মদিনে বিশেষ বার্তা পাঠালেন অভিনেত্রী কাজল।

শাহরুখ খান ও কাজল
শেষ আপডেট: 2 November 2025 15:57
দ্য ওয়াল ব্যুরো: ২ নভেম্বর। বলিউডের কিং শাহরুখ খানের জন্মদিন মানেই এক উৎসব। বছরের এই বিশেষ দিনে হাজার হাজার ভক্ত ভিড় জমান মুম্বইয়ের ‘মন্নত’-এর বাইরে। কারও হাতে পোস্টার, কারও হাতে ফুল। শুধু এক ঝলক বাদশাকে দেখার আশায় অপেক্ষা ঘণ্টার পর ঘণ্টা।
এই বছর ৬০-এ পা দিলেন শাহরুখ খান। রাত বারোটা পেরোনোর আগেই সোশ্যাল মিডিয়া ভরে যায় শুভেচ্ছা বার্তায়। তারকারা, সহকর্মীরা, প্রিয়জনরা, সবাই একসঙ্গে মেতে ওঠেন কিং খানের জন্মদিনের আনন্দে।
শুভেচ্ছার তালিকায় ছিলেন শাহরুখের অন্যতম প্রিয় সহ-অভিনেত্রী কাজলও। এক্স হ্যান্ডেলে (প্রাক্তন টুইটার) শাহরুখের সঙ্গে রোমান্টিক দুটি পুরনো ছবি শেয়ার করে তিনি লেখেন, “ষাটতম জন্মদিনের অনেক শুভেচ্ছা! সুন্দরভাবে বাঁচো। আজকের দিনের জন্য এটাই পরামর্শ। তবে মোমবাতি গুনো না... সবে তো ২৯ পূর্ণ হল! তোমার আর তোমার পরিবারের জন্য অফুরন্ত ভালবাসা আর শুভেচ্ছা।”
বলিউডের ইতিহাসে শাহরুখ-কাজল জুটি মানেই এক বিশেষ আবেগ ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ থেকে ‘কভি খুশি কভি গম’, তাঁদের অনস্ক্রিন রোম্যান্স এখনও দর্শকদের হৃদয়ে অমলিন। বাস্তবেও তাঁদের বন্ধুত্বের বন্ধন ততটাই গভীর। তাই বন্ধুর ষাটতম জন্মদিনে কাজলের শুভেচ্ছা পোস্ট মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।