নোরা স্পষ্টভাবে জানিয়েছেন, “আমি কখনওই চাই না কেউ ভাবুক যে আমি এই ধরনের কনটেন্ট সমর্থন করি।” বরং তিনি জানিয়েছেন, সমালোচনার চাপের কারণেই নির্মাতারা গানটি সরিয়ে নিতে বাধ্য হয়েছেন—যাতে তিনি সহমত জানিয়েছেন।
.jpeg.webp)
শেষ আপডেট: 18 March 2026 16:56
দ্য ওয়াল ব্যুরো: নোরা ফতেহি ও সঞ্জয় দত্তকে ঘিরে নতুন বিতর্কে সরগরম বলিউড। গত ২ দিন ধরে তীব্র সমালোচনার জেরে ‘সারকে চুনার তেরি সারকে’ (Sarke Chunar Teri Sarke) গানটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে । অশালীন লিরিক্স ও নাচের দৃশ্য নিয়ে আপত্তি উঠতেই শেষমেশ কেন্দ্রীয় সরকারের তরফেও নিষিদ্ধ করা হয় গানটি। গানটি ছিল আসন্ন ছবি কেডি দ্য ডেভিল (KD: The Devil)-এর, যেখানে দেখা গিয়েছিল নোরা ফাতেহি (Nora Fatehi) ও সঞ্জয় দত্ত (Sanjay Dutt)-কে।
গানটি প্রকাশ্যে আসার পরই নেটমাধ্যমে একাংশ এর কোরিওগ্রাফি ও সংলাপকে ‘অশালীন’ ও ‘অনুপযুক্ত’ বলে কটাক্ষ করেন। বিতর্ক বাড়তেই শেষমেশ ইউটিউব থেকে ভিডিওটি সরিয়ে নেওয়া হয়।
এই পরিস্থিতিতে এবার মুখ খুললেন নোরা নিজেই। তিনি জানিয়েছেন, ব্যক্তিগতভাবে তিনি অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, কারণ সম্প্রতি নিজের এক ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছেন। পাশাপাশি তিনি এমন একটি জায়গায় ছিলেন, যেখানে নেটওয়ার্ক না থাকায় গোটা বিতর্ক সম্পর্কে বিস্তারিত জানতেও পারেননি।
নোরা স্পষ্টভাবে জানিয়েছেন, “আমি কখনওই চাই না কেউ ভাবুক যে আমি এই ধরনের কনটেন্ট সমর্থন করি।” বরং তিনি জানিয়েছেন, সমালোচনার চাপের কারণেই নির্মাতারা গানটি সরিয়ে নিতে বাধ্য হয়েছেন—যাতে তিনি সহমত জানিয়েছেন।
তিনি আরও অনুরোধ করেন, দর্শকরা যেন গানটি আর শেয়ার না করেন, কারণ তাতে অযথাই বিষয়টি আরও ছড়িয়ে পড়বে। একই সঙ্গে, এই বিতর্ককে কেন্দ্র করে তাঁর ব্যক্তিগত চরিত্র নিয়ে যে আক্রমণ শুরু হয়েছে, তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন অভিনেত্রী। তিনি এও জানিয়েছেন, এর হিন্দি গানের সঙ্গে তাঁর কোনও চুক্তি ছিল না। ফলে সেই প্রসঙ্গে তিনি অবগত ছিলেন না। সবটাই তাঁর অনুমতি না নিয়েই করা হয়েছে।
যদিও এই পরিস্থিতি থেকে তিনি শিক্ষা নিয়েছেন বলেও জানান। সবশেষে নোরা আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতিতে তিনি ও তাঁর টিম আরও সতর্ক থাকবেন। পাশাপাশি তিনি দাবি করেছেন, এই হিন্দি গানের বিষয়ে তাঁর কোনও ধারণাই ছিল না এবং তাঁর অনুমতি ছাড়াই তাঁর উপস্থিতি ব্যবহার করা হয়েছে।