শিল্পা শেট্টির মুম্বইয়ের বাড়িতে আয়কর হানার খবর পুরোপুরি ভুয়ো বলে দাবি করলেন তাঁর আইনজীবী প্রশান্ত পাতিল।

শিল্পা শেট্টি
শেষ আপডেট: 19 December 2025 09:04
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর ছড়িয়েছিল যে, ৬০ কোটি টাকার জালিয়াতি মামলার তদন্তে শিল্পা শেট্টির মুম্বইয়ের বাড়িতে আয়কর কর্মকর্তারা তল্লাশি চালিয়েছেন। বৃহস্পতিবার শিল্পার আইনজীবী প্রশান্ত পাতিল একটি বিবৃতি জারি করে এই দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন।
প্রশান্ত পাতিল তাঁর বিবৃতিতে জানান, “আমার মক্কেল শিল্পা শেট্টি কুন্দ্রার পক্ষ থেকে আমি নিশ্চিত করছি যে তাঁর বিরুদ্ধে কোনও আয়কর ‘হানা’ হয়নি। আয়কর কর্মকর্তারা কেবল একটি রুটিন ভেরিফিকেশন বা নিয়মিত যাচাইকরণের জন্য এসেছিলেন। যারা জনসমক্ষে একে ইওডাব্লিউ (EOW) মামলার সাথে জুড়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত আদালতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
কেন এই জল্পনা?
সম্প্রতি বেঙ্গালুরু পুলিশ শিল্পা শেট্টির মালিকানাধীন ‘বাস্তিয়ান গার্ডেন সিটি’সহ দুটি পাবের বিরুদ্ধে নির্ধারিত সময়ের বেশি খোলা রাখার অভিযোগে মামলা দায়ের করেছে। এর পরপরই মুম্বই, পুনে এবং বেঙ্গালুরুতে তাঁদের বিভিন্ন সংস্থায় আয়কর তল্লাশির খবর আসতে থাকে। অনেকে দাবি করেছিলেন যে, শিল্পার রেস্তরাঁ ব্র্যান্ড ‘বাস্তিয়ান’-এর সঙ্গে যুক্ত কোনও মামলার কারণেই এই তল্লাশি।
শিল্পা ও রাজ কুন্দ্রা বর্তমানে মুম্বই পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং (EOW) দ্বারা পরিচালিত একটি ৬০ কোটি টাকার ‘ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট’ বা বিশ্বাসভঙ্গের মামলার তদন্তের মুখে রয়েছেন। জহু এলাকার বাসিন্দা ৬০ বছর বয়সী ব্যবসায়ী দীপক কোঠারির অভিযোগ, রাজ ও শিল্পার বন্ধ হয়ে যাওয়া সংস্থা ‘বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড’-এ বিনিয়োগের নামে তাঁর সাথে ৬০.৪ কোটি টাকার জালিয়াতি করা হয়েছে। পুলিশ ইতিপূর্বেই আইপিসি-র ৪০৬ ধারার সঙ্গে ৪২০ ধারা (প্রতারণা) যোগ করেছে।
সোশ্যাল মিডিয়ায় রাজ কুন্দ্রা এই সমস্ত অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, “এই ইস্যুটিকে কোনও আইনি ভিত্তি ছাড়াই অপরাধমূলক রং দেওয়া হচ্ছে। আমরা বম্বে হাইকোর্টে এই মামলা খারিজের আবেদন করেছি। আমরা তদন্তে পূর্ণ সহযোগিতা করছি এবং বিচারব্যবস্থার ওপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে।”