হায়দরাবাদে ‘দ্য রাজা সাব’ ছবির গান লঞ্চে ভয়াবহ অভিজ্ঞতার মুখে অভিনেত্রী নিধি আগরওয়াল।

নিধি আগরওয়াল
শেষ আপডেট: 18 December 2025 16:18
দ্য ওয়াল ব্যুরো: তারকাদের ঘিরে ভক্তদের উন্মাদনা মাঝেমধ্যেই বিপজ্জনক রূপ নেয়। এবার সেই অভিজ্ঞতার মুখোমুখি হলেন ‘দ্য রাজা সাব’ (The Raja Sahab) অভিনেত্রী নিধি আগরওয়াল(Nidhhi Agerwal)। আগামী ছবিতে সুপারস্টার প্রভাসের বিপরীতে দেখা যাবে তাঁকে। সম্প্রতি হায়দরাবাদে এই ছবির একটি গান লঞ্চ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ভিড়ের মধ্যে শ্লীলতাহানির শিকার হলেন অভিনেত্রী।
কী ঘটেছিল অনুষ্ঠানে?
হায়দরাবাদে ‘দ্য রাজা সাব’ ছবির নতুন গান লঞ্চের ইভেন্টে নিধি পৌঁছালে ভক্তরা তাঁকে বিপুল উৎসাহে স্বাগত জানান। কিন্তু অনুষ্ঠান শেষে ফেরার পথে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকশো মানুষ নিধিকে চারপাশ থেকে ঘিরে ধরেছেন। ভিড়ের সুযোগ নিয়ে কিছু মানুষ তাঁকে অশালীনভাবে স্পর্শ করার চেষ্টা করেন।
ভিডিওতে নিধিকে নিজের পোশাক সামলে কোনওমতে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে দেখা যায়। প্রবল আতঙ্কে ঘামতে থাকা অভিনেত্রী কোনওক্রমে নিজের গাড়িতে পৌঁছান এবং দরজা লক করার পর ধাতস্থ হন। গাড়িতে বসে আতঙ্কিত নিধিকে বলতে শোনা যায়, “আসল এসব কী হচ্ছিল?”
Actress Nidhi Agarwal Mobbed at Hyderabad Lulu Mall during the song launch of her upcoming film 'The Raja Saab', co-starring Prabhas.#NidhiAgarwal #TheRajaSaab #Lulumall #Hyderabad pic.twitter.com/VPV106HCPB
— Bharat Squad (@TheBharatSquad) December 18, 2025
এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিত্বরা এই আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। সিঙ্গার চিন্ময়ী শ্রীপদা ক্ষোভ উগড়ে দিয়ে লিখেছেন, “এরা একদল পুরুষ যারা হায়নার চেয়েও জঘন্য আচরণ করেছে।”
একজন ইউজার লিখেছেন, “জানোয়ারদের ব্যবহারও এদের চেয়ে ভাল হয়।” অন্য একজন লিখেছেন, “ভক্তদের নিজেদের সীমা জানা উচিত।”
সোশ্যাল মিডিয়ায় অনেকেরই দাবি, এই অসভ্য আচরণের পেছনে ছিলেন সুপারস্টার প্রভাসের কিছু অতি-উৎসাহী ভক্ত। কারণ ইভেন্টটি ছিল প্রভাসের ছবিরই প্রচার। যদিও নির্দিষ্টভাবে কারও পরিচয় জানা যায়নি, তবে এই ঘটনাটি আবারও তারকাদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।