দ্য ওয়াল ব্যুরো: ক্যানসার মুক্ত হয়েছেন ঋষি কাপুর। সামান্য কিছু চিকিৎসাই বাকি আছে। সেই সব ফলো আপ চেকআপ সেরে কিছুদিন পরেই দেশে ফিরবেন প্রবীণ অভিনেতা। এমনটাই জানিয়েছেন, ঋষি কাপুরের দাদা রণধীর কাপুর, মেয়ে ঋদ্ধিমা কাপুর এবং পরিচালক রাহুল রউলি।
প্রায় সাত মাস আগে আচমকাই সোশ্যাল মিডিয়ায় এক অদ্ভুত পোস্ট শেয়ার করেছিলেন ঋষি। জানিয়েছিলেন, শ্যুটিং ফ্লোর থেকে আপাতত বিদায় নিচ্ছেন তিনি। চিকিৎসার জন্য পাড়ি দিচ্ছেন নিউ ইয়র্কে। ঋষি কাপুরের এই মেসেজের কিছুদিন আগেই ক্যানসারের চিকিৎসার জন্য নিউ ইয়র্ক গিয়েছিলেন সোনালি বেন্দ্রে। বর্ষীয়ান অভিনেতার আচমকা বিদেশ যাওয়ার খবরে তাই অনেকেই ধরে নিয়েছিলেন হয়তো মারণ রোগেই আক্রান্ত হয়েছেন ঋষি। মুহূর্তেই ছড়িয়ে পড়েছিল গুজব। এমনকী ঋষির চুলের রঙ নিয়েও শুরু হয়েছিল বিস্তর জল্পনা। অনেকেই বলেছিলেন, চিকিৎসার কারণে ওষুধের প্রভাবেই এমনটা হয়েছে। তবে অভিনেতা নিজেই জানিয়েছিলেন, সিনেমার জন্যই চুলের রঙ বদলেছেন তিনি। এরপর গত বছর দিওয়ালির আগে ঋষি কাপুরের স্ত্রী নীতুও ইনস্টাগ্রামে লিখেছিলেন, "ক্যানসার যেন শুধুই একটা রাশি হয়।"
এরপরেই দুইয়ে দুইয়ে চার করে নিয়েছিলেন অভিনেতার ফ্যানরা। তাঁকে নিউ ইয়র্কে দেখতেও গিয়েছিলেন বলিউডের অনেক তারকাই। তবে এ বার জানা গেল যে ক্যানসার মুক্ত হয়েছেন ঋষি। সম্প্রতি অভিনেতার বন্ধু এবং বি-টাউনের পরিচালক রাহুল রউলি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, "ঋষি কাপুর (চিন্টু) এখন ক্যানসার মুক্ত।" রউলি আরও বলেন, "ও নিজেই আমায় ফোন করে সুখবরটা দিয়েছে। ঋষি বলেছে ট্রিটমেন্টের কিছু ফলো আপ বাকি আছে। সেসব সেরেই দেশে ফিরবে।" তবে কবে তাঁর বন্ধু দেশে ফিরবেন সে ব্যাপারে অবশ্য নিশ্চিত করে কিছু বলেননি রউলি। তবে কেবল ঋষির বন্ধুই নন, ভাই যে সুস্থ রয়েছেন সে ব্যাপারে নিশ্চিত করেছেন চিন্টুর দাদা রণধীর কাপুরও। তিনিও বলেন, "হ্যাঁ ও এখন অনেক ভালো আছে। খুব জলদিই ও দেশে ফিরবে।" তবে বাবার অসুস্থতার ব্যাপারে বিশেষ কিছু বলতে চাননি মেয়ে ঋদ্ধিমা। শুধু বলেছেন, "সবার প্রার্থনায় ধীরে ধীরে বাবা সুস্থ হচ্ছেন।"