
শেষ আপডেট: 10 December 2018 12:29
২০১৪ সালে বাঙালি পরিচালক প্রদীপ চৌধুরীর পরিচালনায় রিলিজ হয়েছিল মর্দানি। মারাঠি পুলিশ অফিসার শিবানী শিবাঙ্গি-র চরিত্রে দেখা গিয়েছিল রানি মুখার্জীকে। কড়া, কঠোর, দৃপ্ত এবং সৎ পুলিশ অফিসারের চরিত্রে রানি ছাড়াও এ ছবিতে নজর কেড়েছিলেন তাহির রাজ ভাসিন। ভিলেনের চরিত্রে তাহিরের অভিনয় মনে দাগ কেটেছিল দর্শকদের। আদিত্য চোপড়ার প্রযোজনায় ২১ কোটি বাজেটের এই ছবি বক্স অফিসে ব্যবসা করেছিল প্রায় ৫৬.৭ কোটি টাকার। আর তখন থেকেই সিক্যুয়েল বানানোর কথা মাথায় রেখেছিলেন আদিত্য চোপড়া।
তবে নতুন ছবির পরিচালনায় থাকছেন না প্রদীপ চৌধুরী। মর্দানির সিক্যুয়েলের পরিচালনার দায়িত্বে থাকবেন গোপী পুরুথান। এই পুরুথানই ছিলেন মর্দানির গল্পের লেখক। প্রযোজনাতে নতুন ছবির ক্ষেত্রেও থাকছে যশ রাজ ব্যানার। টুইট করে আগামী সিক্যুয়েলের খবর ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে যশ রাজ ফিল্মস।
https://twitter.com/yrf/status/1071978031537889280
মর্দানির সিক্যুয়েল নিয়ে খুব ইৎসাহী ছবি প্রধান চরিত্র রানি মুখার্জীও। তিনি জানিয়েছেন, "মর্দানি চিরকাল আমার হৃদয়ের খুব কাছে থাকবে। আগেরবার রিলিজের পরেই সবাই জিজ্ঞাসা করেছিলেন, কবে সিক্যুয়েল আসবে। আমি নিশ্চিত যে এই খবর সবার জন্যই খুব আনন্দের।" গোপী পুরুথানের প্রশংসা করে রানি বলেন, এ বার নাকি আরও জমাটি গল্প লিখেছেন গোপী। খুব তাড়াতাড়িই শ্যুটিং শুরু হবে বলেও জানিয়েছেন রানি। এর পাশাপাশি অভিনেত্রী বলেছেন, মর্দানির ভিলেনের তুলনায় সিক্যুয়েলের ভিলেন নাকি হতে চলেছেন আরও খতরনাক এবং নিষ্ঠুর। সূত্রের খবর, ২০১৯-এর মাঝামাঝি সময়েই মুক্তি পাবে মর্দানির সিক্যুয়েল।