লাল পাঞ্জাবিতে পল্লবীর হাতে লাড্ডু খেলেন বুম্বাদা, স্কাইপেই ফোঁটা দিলেন রিদ্ধিমা
দ্য ওয়াল ব্যুরো: বাঙালিদের ভাইফোঁটা হোক কিংবা অবাঙালিদের ভাইদুজ, উত্তেজনা কিন্তু একই রকম। সক্কাল সক্কাল পাট ভাঙা পাঞ্জাবি পরে দিদি-বোনেদের বাড়িতে পৌঁছে যান ভাই এবং দাদারা। বছরের বাকি দিনগুলো যাই হোক না কেন এ দিন কিন্তু পরনে ট্র্যাডিশনাল পো
শেষ আপডেট: 9 November 2018 19:33
দ্য ওয়াল ব্যুরো: বাঙালিদের ভাইফোঁটা হোক কিংবা অবাঙালিদের ভাইদুজ, উত্তেজনা কিন্তু একই রকম। সক্কাল সক্কাল পাট ভাঙা পাঞ্জাবি পরে দিদি-বোনেদের বাড়িতে পৌঁছে যান ভাই এবং দাদারা। বছরের বাকি দিনগুলো যাই হোক না কেন এ দিন কিন্তু পরনে ট্র্যাডিশনাল পোশাক মাস্ট। এরপর মন্ত্র পড়ে একদম রীতিনীতি মেনে শুরু হয় ভাইফোঁটা। ভাইয়ের মঙ্গল কামনায় চন্দন-মধু-কাজল-দই-ঘি ইত্যাদি সহযোগে চলে ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার পালা। তারপরেই হয় উপহার বিনিময়। ভাই-বোন দু'পক্ষই হাজার খুনসুটির মাঝেই এ দিন একে অন্যের হতে তুলে দেন তাঁদের পছন্দের উপহার। আর এরপরেই আসে আসল আকর্ষণ। পেটপুজোর পালা। ভাইদের সামনে থালা ভরে রকমারি মিষ্টি সাজিয়ে দেন দিদিরা। সঙ্গে থাকে বাহারের নোনতা আইটেমও।
ভাইফোঁটা নিয়ে আম জনতার পাশাপাশি উন্মাদনা তুঙ্গে থাকে সেলেব ভাইদের মধ্যেও। বাদ যান না তারকা দিদিরাও। ভাইকে কী দেবেন, কী খাওয়াবেন তার তোড়জোড় শুরু হয়ে যায় বহু আগে থেকেই। পাল্লা দিয়ে দাদারাও বাছতে থাকেন বোনেদের পছন্দের উপহার। এই প্রথার অন্যথা হয়নি চলতি বছরেও। জমিয়ে ভাইফোঁটা সেলিব্রেট করেছেন টলিউডের তারকারা।
সকাল সকাল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পৌঁছে গেছিলেন বোন পল্লবীর বাড়িতে। সেখানে হাজির ছিলেন তাঁর আরেক পাতানো তারকা বোন বিখ্যাত বিউটিশিয়ান শর্মিলা সিং ফ্লোরা। পল্লবীর ছোটবেলার বন্ধু শর্মিলা। সেই সূত্রে ছোট্ট থেকেই বুম্বাদাকে ফোঁটা দেন তিনি। শ্যুটিংয়ের ব্যস্ত শিডিউলের ফাঁকেও এ দিন লাল পাঞ্জাবিতে সেজে বোনেদের থেকে ফোঁটা নিয়েছেন প্রসেনজিৎ। স্ট্রিক্ট ডায়েট ভেঙে খেয়েছেন লাড্ডুও। সোশ্যাল মিডিয়ায় ভাইফোঁটার ছবিও শেয়ার করেছেন পল্লবী।

রিদ্ধিমা অবশ্য এ বছর ভাইফোঁটাটা সেরেছেন ইন্টারনেটের মাধ্যমেই। দূরে থাকেন ভাই। তাই এ বছর মন্ত্র পড়ে স্কাইপেই ভাইয়ের কপালে ফোঁটা দিয়েছেন তিনি।

অন্যদিকে টলিউডের হার্টথ্রব অঙ্কুশ ফোঁটা নিয়েছেন ১৫ বছরের ছোট বোনের থেকে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করেছেন অঙ্কুশ। মজা করে লিখেছেন, "আমি বড় দাদা হলেও নিয়ম অনুযায়ী বলা হয়েছে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা।"

ধুতি-পাঞ্জাবিতে টোটাল বাঙালিয়ানার ছাপ রেখে ভাইফোঁটা সেলিব্রেট করেছেন পরিচালক রাজ চক্রবর্তীও। পাতে রকমারি মিষ্টি সাজিয়ে রাজকে ফোঁটা দিয়েছেন তাঁর দিদি। একান্ত পারিবারিক মুহূর্তের এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রাজ।