দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় সেলিব্রেটিদের ট্রোলড হওয়া নতুন কোনও ঘটনা নয়। তবে এই ট্রোলের পরিমাণ বেড়ে গেলে তা নিয়ে নানারকম প্রতিক্রিয়া দিয়ে থাকেন সেলিব্রিটিরা। কখনও রেগে যান, কখনও বা গুরুত্ব দেন না। ব্যতিক্রম, অনুষ্কা শর্মা।
সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি বার নেটিজেনদের ট্রোলের শিকার হয়েছেন অনুষ্কা শর্মা। সে বিরাট কোহলির সঙ্গে তাঁর বিয়ে নিয়েই হোক, কিংবা রাস্তায় ময়লা ফেলা নিয়ে কাওকে বকাঝকা করা নিয়েই হোক। আর 'সুই ধাগা'-র ট্রেলর রিলিজের পর থেকে দিনদিন বেড়েছে ট্রোলের পরিমাণ।
বরুণ ধাওয়ানের সঙ্গে সুই ধাগা ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন অনুষ্কা। শরথ কাটিয়ার পরিচালিত এই ছবিতে বরুণের চরিত্রের নাম মৌজি। পেশায় দর্জি মৌজির স্ত্রী মমতার চরিত্রেই এই ছবিতে দেখা যাবে অনুষ্কাকে। অনুষ্কার শাড়ি পরা ছাপোষা গ্রাম্য লুকের প্রশংসা করেছেন অনেকেই। কিন্তু নেটিজেনদের একাংশ তাঁর এই লুক নিয়ে শুরু করেছে ট্রোল করা। একাধিক মিম (Meme) ইতিমধ্যেই ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।
তবে নেটিজেনদের এই ট্রোলের জবাব কিছুটা অন্যরকম ভাবে দিয়েছেন অনুষ্কা। অনুষ্কা কিন্তু একটুও রেগে যাননি এইসব ট্রোলের জন্য। বরং বেশ মজা করেই বলেছেন, "মিমগুলো খুবই মজার। আমি ওগুলো প্রশংসা হিসেবেই নিচ্ছি।" নিজেকে নিয়ে ট্রোলিংয়ের এই অন্যরকম জবাবের জন্য অনেকে আবার প্রশংসা করেছেন অনুষ্কার। বলেছেন ক'জন বা নিজের উপর করা মজা ভালো ভাবে নিতে পারেন। আবার কেউ বলেছেন, আসলে এতবার তিনি ট্রোলের শিকার হয়েছেন, যে নিজের উপর করা মজা আর প্রভাব ফেলে না তাঁর উপর। তার জন্যই এই রকমের প্রতিক্রিয়া দেখিয়েছেন অনুষ্কা।