কারও রেজোলিউশনে থাকে শরীর ও মনের যত্ন নেওয়ার প্রতিশ্রুতি, কারও আবার ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে সুস্থ ভারসাম্য খোঁজার চেষ্টা। কেউ চান নতুন পরিচালকদের সঙ্গে কাজ করতে, কেউ আবার বাংলা ছবির পরিসর আরও সমৃদ্ধ করতে নিজের সেরাটা উজাড় করে দিতে।

শেষ আপডেট: 2 January 2026 18:31
'জীবন খাতার প্রতি পাতায়, যতই লেখ হিসাব-নিকাশ, কিছুই রবে না...' এ সত্য চিরন্তন। তবু যখন ক্যালেন্ডার পাতা উল্টোয়, তখন আরও একবার নতুন শুরুর স্বপ্ন দেখেন অনেকেই। আর নতুন বছর মানে কেবল সময়ের হিসেব বদলানো নয়, অনেকের কাছে নিজেকে নতুন করে গড়ে নেওয়ার এক নিঃশব্দ অঙ্গীকার। ঝলমলে আলো, ক্যামেরার ফ্ল্যাশ আর সাফল্যের আড়ালেও টলিপাড়ার বাংলা অভিনেতা-অভিনেত্রীদের জীবনে থাকে ভাবনা, আত্মসমালোচনা আর আগামী ঘিরে বহু স্বপ্ন। বছরের এই পাতা উল্টোনো তাই তাঁদের কাছে এক নতুন চ্যালেঞ্জ, নতুন লড়াই-ও বটে। আরও একবার নিজের পর্যালোচনা করা—নিজেকে আরও ভাঙার, অভিনয়ে নতুন মাত্রা যোগ করার, কিংবা ভিন্ন ধারার গল্প ও চরিত্রে দর্শককে চমকে দেওয়ার আরও এক নয়া অধ্যায়।
কারও রেজোলিউশনে থাকে শরীর ও মনের যত্ন নেওয়ার প্রতিশ্রুতি, কারও আবার ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে সুস্থ ভারসাম্য খোঁজার চেষ্টা। কেউ চান নতুন পরিচালকদের সঙ্গে কাজ করতে, কেউ আবার বাংলা ছবির পরিসর আরও সমৃদ্ধ করতে নিজের সেরাটা উজাড় করে দিতে। কেউ-কেউ আবার রেজোলিউশনে বিশ্বাসই রাখেন না। এই নতুন বছরে টলিপাড়ার তারকাদের রেজোলিউশন তাই শুধুই ব্যক্তিগত পরিকল্পনা নয়—তা বিনোদন জগতের ভবিষ্যতের প্রতিও এক আন্তরিক অঙ্গীকার। আর তাঁদের মনের খোঁজ নিল THE WALL. চলুন জেনে নেওয়া যাক কার লক্ষ্যে কী?
সন্দীপ্তা সেন
রেজোলিউশনে খুব একটা বিশ্বাস রাখি না বলব না, তবে আমি করি না। যেটা প্রতিবছরই চাই, সেটা এবারেরও লক্ষ্য, ফিটনেস আর বেড়াতে যাওয়া। আমরা ঘুরতে খুব পছন্দ করি, ফলে আরও অনেক জায়গা এক্সপ্লোর করতে চাই। আর অভিনেত্রী হিসেবে, একটাই চাওয়া, আরও ভাল চরিত্র পাওয়া।
ইধিকা পাল
আমি নতুন বছরের রেজিলিউশনে বিশ্বাসী নই। কোনও কিছুকে লক্ষ্যমাত্রা করে নিজেকে ঠেলে দিতে চাই না। শুধু চাই, যেটুকুই হোক, পজিটিভ হোক। ভাল হোক। নিষ্ঠার সঙ্গে যেন কাজটা করে যেতে পারি। আমি মনে করি না কোনও কিছু জোর করে চাপিয়ে দেওয়া যায়।
দিব্যজ্যোতি দত্ত
নতুন বছরের রেজোলিউশন হল একটাই, লক্ষ্যে স্থির থাকা। ধৈর্য্য বাড়িয়ে তোলা। পর্যবেক্ষণ করা। অধ্যবসায়-অধ্যবসায় আর অধ্যবসায়। আরও অনেক কিছু শেখা। ক্রিজে টিকে থাকা, উইকেট হারালে চলবে না। কঠিন পরিশ্রম করা আর এগিয়ে চলা।
রাহুল দেব বোস
শৈশবের মতো এখন আর রেজোলিউশন ভাবতে পারি না। হাসি পায়। এখন ইচ্ছে-লক্ষ্য দুই-ই পাল্টেছে। গড্ডলিকা প্রবাভে গা না ভাসিয়ে নতুন কিছু চরিত্র করা। নিজের সেরাটা সকলের সামনে তুলে ধরা। নিজেকে নতুন করে আবিষ্কার করা। মন আর মাথাকে সম্পূর্ণ রূপে কাজে নিমজ্জিত করা।
রোহন ভট্টাচার্য
এই বছরটা আমার কাছে ভীষণ অন্যরকম। রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করা আমার স্বপ্ন ছিল। সেটাই সত্যি হচ্ছে। তাঁর সঙ্গে পর পর দুই ছবি মুক্তির অপেক্ষায়। ফলে রেজোলিউশন একটাই, ভাল কাজ করে যাওয়া। দর্শকদের ভাল-ভাল চরিত্র উপহার দেওয়া, আর দিনের শেষে স্ক্রিনে থেকে যাওয়া। এক কথায় বলতে গেলে শুধুই কাজে ফোকাস করা।
উদয় প্রতাপ সিং
ভাল কাজের পাশাপাশি এবছর আমি ফিটনেসে নজর দিতে চাই। সঠিক সময় ঘুম, শরীরচর্চা, খাবারের প্রতি সংযোম হওয়া থেকে শুরু করে সুস্থ থাকতে যা যা করা উচিত আমি সবটা করব। সঠিক সময় ঘুম থেকে ওঠা সহজ, কিন্তু সঠিক সময় ঘুমোতে যাওয়া হয় না, এই অভ্যাসটা ত্যাগ করতে চাই। সঙ্গে এভাবেই দর্শকদের মনোরঞ্জন যাতে করে যেতে পারি, সেই চেষ্টাই করে যাব।