
শেষ আপডেট: 14 April 2023 10:06
দ্য ওয়াল ব্যুরো: রাধিকা আপ্তের (Radhika Apte) নতুন ছবি মিসেস আন্ডারকভার (Mrs Undercover) মুক্তি পেল শুক্রবার জি ফাইভে। তবে, ছবির ট্রেলার যতটা আশা জাগিয়েছিল, ছবি মুক্তির পর একপ্রকার হতাশই হতে হল দর্শককে। যদিও, দর্শক টানার মতো সবরকম উপাদানই মজুত ছিল ছবিতে, তবুও শেষরক্ষা করতে পারলেন না স্বয়ং রাধিকাও।
মজাদার টুইস্ট থেকে সামাজিক বার্তা সবই ছিল এই ছবিতে। তবু, সাদামাটা চিত্রনাট্য জমাট বাঁধতে দিল না এই ছবিকে। এই ছবির চিত্রনাট্য এবং পরিচালনা সামলেছেন অনুশ্রী মেহতা।
ছবিতে রাধিকাকে একজন বাঙালি গুপ্তচরের ভূমিকায় দেখা গেছে। স্পেশাল ফোর্স থেকে তাঁকে ডেকে পাঠানো হয় এক সিরিয়াল কিলারকে পাকড়াও করার জন্য। একপ্রকার ইচ্ছার বিরুদ্ধেই কেসটি হাতে নেন নায়িকা। এরপর মহিলা উন্নয়নের একটি কর্মসূচীতে নাম লেখান তিনি। এরপর কীভাবে নিরীহ মহিলাদের খুনিকে শাস্তি দিলেন তিনি তা নিয়েই এগোয় বাকি গল্প।
যদিও এই ছবিতে কবজির জোর দেখানো থেকে শুরু করে জোরালো সংলাপ সবরকমের সুযোগই পেয়েছেন রাধিকা। ফলে, তাঁর কেরিয়ারে এই ছবির স্থান প্রথম দিকেই থাকবে বলে মনে করা হচ্ছে। রাধিকার মজাদার সংলাপও দর্শককে হাসাবে অনেক ক্ষেত্রেই। পাশাপাশি, পারস্পরিক অবিশ্বাস থেকে সাধারণ গৃহবধূদের অবস্থা এই বিষয়গুলিও ফুটে উঠেছে এই ছবিতে। তবে, একসঙ্গে এতগুলি বিষয় দেখাতে গিয়েই গল্পের গতি বাধা পেয়েছে।
ছবিটি শুরু হচ্ছে একজন স্বনির্ভর মহিলাকে খুনের মধ্যে দিয়ে। খুনি নিজেকে পরিচয় দিচ্ছে 'কমন ম্যান' বলে। এরপরই ছবির সবটুকু ফোকাস কেড়ে নেন রাধিকা। তাঁর সঙ্গে স্বামী এবং শ্বশুরবাড়ির দৃশ্যগুলিতে যথেষ্ট হাসির উপাদান রয়েছে। ছবির শেষ ১৫ মিনিট মেয়েদের সম্মান দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে।
এই ছবির মূল চালিকাশক্তি রাধিকা। অ্যাকশন থেকে কমেডি কোনও কিছুতেই নিজের সেরাটা দেওয়ার ক্ষেত্রে খামতি রাখেননি তিনি। পাশাপাশি, স্বামীর গোপন সত্য জেনে ফেলার দৃশ্যে তাঁর অভিব্যক্তি প্রশংসার দাবি রাখে। সব মিলিয়ে রাধিকার জন্যই এই ছবি একবার দেখে ফেলাই যায়।