জনপ্রিয় রিয়্যালিটি শো দিদি নম্বর ১ (Didi No. 1)-এর মঞ্চে বিশেষ পর্বে হাজির হচ্ছেন নচিকেতা। তাঁর সঙ্গে থাকবেন মেয়ে ধানসিড়ি। বাবা-মেয়ের এই একসঙ্গে গান শোনানোর এপিসোড নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।

শেষ আপডেট: 26 March 2026 13:43
দ্য ওয়াল ব্যুরো: কঠিন সময় পেরিয়ে আবার স্বাভাবিক ছন্দে ফিরছেন জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। গত বছরের শেষ দিকে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। চিকিৎসকদের পরামর্শে বসাতে হয় দুটি স্টেন্ট। সেই সময়টা ছিল দুশ্চিন্তার, শুধু পরিবারের জন্য নয়, তাঁর অগণিত অনুরাগীর কাছেও।
এখন অবশ্য অনেকটাই সুস্থ গায়ক। ধীরে ধীরে ফিরেছেন কাজেও, স্টেজ শো করেছেন, আবার গানও গাইছেন। আর এবার ছোট পর্দায় দেখা যাবে তাঁকে।
জনপ্রিয় রিয়্যালিটি শো দিদি নম্বর ১ (Didi No. 1)-এর মঞ্চে বিশেষ পর্বে হাজির হচ্ছেন নচিকেতা। তাঁর সঙ্গে থাকবেন মেয়ে ধানসিড়ি। বাবা-মেয়ের এই একসঙ্গে গান শোনানোর এপিসোড নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।
নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করেছেন শিল্পী। জানিয়েছেন, ২৬ মার্চ বিকেল ৪:৩০-এ সম্প্রচারিত হবে এই বিশেষ পর্ব। শুটিংয়ের কিছু ছবিও পোস্ট করেছেন তিনি।
তবে এই ফেরা একেবারেই সহজ ছিল না। হাসপাতালে থাকার সময়ই সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যু নিয়ে ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। এতে ভীষণভাবে আঘাত পেয়েছিলেন নচিকেতা। পরে সুস্থ হয়ে তিনি ‘মৃত্যু মস্ত ফাঁকি’ নামে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে নিজের জীবনের নানা কঠিন অভিজ্ঞতার কথা বলেন। বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসার গল্পও শোনান। তবে হাতে মাইক থাকলে তিনি যেন আজও এক ধাক্কায় ফিরে পার যৌবন। তাঁর কণ্ঠে জীবনমুখী গান শত শত মানুষকে পলকে আনন্দ দেয়। ফলে এই এপিসোড ঘিরে দর্শক মনে বেড়েছে উত্তেজনা।