অবশেষে ভাঙল প্রতীক্ষার মেঘ। অনীক দত্তের বহু প্রতীক্ষিত ছবি ‘যত কান্ড কলকাতাতেই’-এর প্রথম ঝলক সামনে আসতেই সিনেমাপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে উত্তেজনা। টিজারে যেন ধরা দিল কলকাতা, রহস্য, আর এক হেঁয়ালিময় যাত্রার ইঙ্গিত— যেখানে অতীত আর বর্তমান মিশে যাচ্ছে একই গল্পের বুনটে।

আবির-নওশাবা আহমেদ
শেষ আপডেট: 7 August 2025 18:58
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে ভাঙল প্রতীক্ষার মেঘ। অনীক দত্তের বহু প্রতীক্ষিত ছবি ‘যত কান্ড কলকাতাতেই’-এর প্রথম ঝলক সামনে আসতেই সিনেমাপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে উত্তেজনা। টিজারে যেন ধরা দিল কলকাতা, রহস্য, আর এক হেঁয়ালিময় যাত্রার ইঙ্গিত— যেখানে অতীত আর বর্তমান মিশে যাচ্ছে একই গল্পের বুনটে।
ছবির কেন্দ্রবিন্দুতে রয়েছে এক অচেনা ‘তোপসে’— হ্যাঁ, ফেলুদার সেই চিরচেনা সঙ্গী, তবে এবার সে আর কারও ছায়াসঙ্গী নয়। বরং নিজেই এখন এক পূর্ণাঙ্গ গোয়েন্দা। অভিনয়ে আবির চট্টোপাধ্যায়, যাঁর অভিব্যক্তিতেই যেন ধরা পড়েছে সেই আত্মবিশ্বাস, বুদ্ধি আর মানবিকতার মিশেল।
গল্পের শুরু বাংলাদেশের এক তরুণীর কলকাতায় আগমন দিয়ে, যার কেবল একটি সূত্র রয়েছে— একটি জটিল হেঁয়ালি, যা থেকে হয়তো খুঁজে পাওয়া যাবে হারিয়ে যাওয়া তার পরিবারকে। এই রহস্যভেদের যাত্রায় তার সঙ্গী হয় তোপসে। আর এই জুটি রওনা দেয় উত্তর খোঁজার পথে— কলকাতা থেকে দার্জিলিং, কার্শিয়ং হয়ে আরও বহু মোড় ঘুরে, যাত্রা এগিয়ে চলে আবেগ, ইতিহাস আর রহস্যের জটিল স্তর পেরিয়ে।
এই গল্পের পরতে-পরতে রয়েছে হেঁয়ালির চাবিকাঠি, শিকড় খোঁজার তাগিদ, আর এক শহরকে নতুন করে জানার চেষ্টা। পরিচালক অনীক দত্ত নিজে জানিয়েছেন, ‘আমি চিরকাল ফেলুদা-ভক্ত। ওকে নিয়ে ছবি করতে চেয়েছিলাম। কিন্তু কপিরাইটের কারণে সেই স্বপ্ন অধরাই থেকে যায়। তাই ভাবলাম, এমন কিছু তৈরি করি যেখানে ফেলুদার আবহ থাকলেও গল্পটি নিজের মত করে বলি। তোপসে চরিত্রটিকে নতুন করে গড়ার ভাবনা সেখান থেকেই।’
ছবির অভিনয়শিল্পীদের তালিকাও বেশ জমজমাট— আবির চট্টোপাধ্যায়ের পাশাপাশি রয়েছেন বাংলাদেশের অভিনেত্রী নওশাবা আহমেদ, রোজা পারমিতা দে, ঋক চট্টোপাধ্যায়, অপরাজিতা ঘোষ, দুলাল লাহিড়ী, মিঠু চক্রবর্তী, রজত গাঙ্গুলী— অর্থাৎ পর্দায় আসতে চলেছে এক অভিজ্ঞতা আর তারুণ্যের দুর্দান্ত মেলবন্ধন।
ছবির নাম ছিল প্রথমে ‘হেমেনবাবুর হেঁয়ালি’। পরে তা বদলে হয়ে যায় ‘যত কান্ড কলকাতাতেই’— একাধারে রহস্যে মোড়া, আবার একই সঙ্গে এক শহরের আত্মপরিচয় অনুসন্ধানের গল্প।
প্রযোজক ফিরদৌসুল হাসান বলেছেন, ‘এই ছবি আমার কলকাতা-ভালবাসার বহিঃপ্রকাশ। পরিবারের সবাইকে নিয়ে বসে দেখার মতো ছবি বানাতে চেয়েছি। শুধু রহস্য নয়, আবেগও আছে এখানে।’
২০২৫ সালের দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে এই ছবি, আর টিজার মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে চর্চা— বিশেষ করে ফেলুদা অনুরাগীদের মধ্যে। অনেকে বলছেন, এটা যেন ফেলুদার প্রতি এক ধরণের শ্রদ্ধার্ঘ্য, আবার একেবারেই ভিন্ন এক নির্মাণের আঙ্গিকে।
অনীক দত্তর ছবি মানেই তো সাধারণ ধারার বাইরে হাঁটা— হোক তা ‘ভবিষ্যতের ভূত’ কিংবা ‘অপরাজিত’। এবারও তিনি সেই নিজস্ব ভাষা ও দৃষ্টিভঙ্গি নিয়ে হাজির হয়েছেন, তবে রহস্যরোমাঞ্চের মোড়কে। ‘যত কান্ড কলকাতাতেই’ শুধু একটি গোয়েন্দা গল্প নয়— এটি এক শহরের প্রতি ভালোবাসার চিঠি, শিকড়ে ফেরার আকুতি আর এক হেঁয়ালিময় যাত্রার জার্নাল, যা হয়তো ভাবিয়েও তুলবে, রোমাঞ্চিত করবে।