বিশ্বের ইতিহাসে সবচেয়ে লম্বা ওয়ান-শট সিনেমা তৈরি করতে চলেছেন পরিচালক অংশুমান প্রত্যুষ। হ্যাঁ, ঠিকই পড়ছেন।

পরিচালক অংশুমান প্রত্যুষ
শেষ আপডেট: 7 August 2025 18:02
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের ইতিহাসে সবচেয়ে লম্বা ওয়ান-শট সিনেমা তৈরি করতে চলেছেন পরিচালক অংশুমান প্রত্যুষ। হ্যাঁ, ঠিকই পড়ছেন। কোনও কাট ছাড়াই, একটানা শ্যুটিং—এই বিরল এবং কঠিন কাজের চ্যালেঞ্জ নিয়েছেন কলকাতারই এক তরুণ নির্মাতা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শ্যুটিং, শহরের ব্যস্ত রাস্তায় চলছে টানা ক্যামেরার খেলা, যার প্রতিটি মুহূর্ত ধরে রাখা হবে একটানা শটে।
এই সাহসী প্রয়াসে তাঁর সঙ্গী হয়েছেন একগুচ্ছ প্রতিভাবান অভিনেতা—সৌম্য মুখোপাধ্যায়, জয়ি দেবরায়, মুকুল কুমার জানা, সৈকত দে, রত্নদীপ ঘোষ, আরমান আহমেদ, প্রতীক কুন্ডু সহ আরও অনেকেই। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পুষ্পজিত ঘোষ, শুভদীপ গুহ রায়, আনির্বান দাসগুপ্ত, রাহুল বিশ্বাস, অদ্রিজা ঘোষ, প্রহেলিকা, ইষা নন্দী, অনুরুপা পাল, রিত্তিলা দাস, সৃষ্টিপ্রিয়া দাস, শর্মিষ্ঠা দাস ও সারওয়ান ধোবি।
গল্পও চমকপ্রদ। কলকাতার এক ব্যস্ত অঞ্চলে বড়সড় জঙ্গি হানার ছক আঁকা হচ্ছে—এই খবর পায় ইন্টেলিজেন্স এজেন্সি। শুরু হয় তৎপরতা, নামানো হয় এজেন্সির এক দক্ষ টিমকে। কিন্তু প্রশ্ন একটাই—কে বা কারা করছে এই হামলার পরিকল্পনা? কেনই বা এই চরম সিদ্ধান্ত? এর পেছনে লুকিয়ে আছে কী গভীর ষড়যন্ত্র? সেই উত্তরের খোঁজেই এগিয়ে যাবে গোটা সিনেমা—একটানা একটি শটে।

এই ছবির আরও বড় চমক? পরিচালক অংশুমান প্রত্যুষ নিজেই থাকছেন অভিনয়ে, এক গুরুত্বপূর্ণ চরিত্রে।
যদি এই প্রজেক্ট সফল হয়, তবে শুধু বাংলা নয়, গোটা দেশের কাছেই এটি গর্বের বিষয় হবে। ওয়ান-শট সিনেমার দুনিয়ায় নতুন ইতিহাস তৈরি হতে চলেছে কলকাতা শহর থেকে। এখন শুধু অপেক্ষা, বিশ্বের নজর কেড়ে নেওয়া সেই ঝলমলে মুহূর্তের।