আজ ১০ই জুন, মিকার জন্মদিন! ১৯৭৭ সালে বিহারের পাটনায় জন্ম নেওয়া মিকা সিং, যাকে সবাই ‘গানম্যান’ নামেও চেনে, শুরু করেছিলেন কীর্তনের মাধ্যমে। কিন্তু আজ তিনি হয়ে উঠেছেন পপ ও ভাংড়ার অন্যতম বড় নাম।

মিকা সিং
শেষ আপডেট: 10 June 2025 18:17
দ্য ওয়াল ব্যুরো: আজ ১০ই জুন, মিকার জন্মদিন! ১৯৭৭ সালে বিহারের পাটনায় জন্ম নেওয়া মিকা সিং, যাকে সবাই ‘গানম্যান’ নামেও চেনে, শুরু করেছিলেন কীর্তনের মাধ্যমে। কিন্তু আজ তিনি হয়ে উঠেছেন পপ ও ভাংড়ার অন্যতম বড় নাম। বলিউডে 'বস এক কিং', 'ধন্নো', 'মৌজা হি মৌজা'র মতো হিট গানগুলোতে তিনি আজও জনপ্রিয়। রিয়েলিটি শোতেও তাঁর উপস্থিতি ছিল নজরকাড়া—‘দ্য ভয়েস (ইন্ডিয়া সিজন ২)’, ‘ঝলক দিখলা যা ২’-এর মঞ্চে তিনি মুগ্ধ করেছেন দর্শকদের।
কিন্তু মিকাকে নিয়ে যত না আলোচনা তাঁর গানে, তার থেকেও বেশি হয়েছে বিতর্কে! রইল এক ঝলক—মিকার জীবনের সেইসব বিতর্কিত অধ্যায়গুলো, যা আজও শিরোনামে থাকে:
রাখি সাওয়ান্তকে জোর করে চুম্বন
২০০৬ সালে নিজের জন্মদিনের অনুষ্ঠানে মিকা সিং আচমকা জোর করে চুম্বন করেন রাখি সাওয়ান্তকে। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ছবি ও ভিডিও। রাখি তখন জাতীয় মহিলা কমিশনে অভিযোগ দায়ের করেন। মিকা পরে বলেছিলেন, “রাখি আমাকে কেক মাখাতে যাচ্ছিল, আমি ওকে শাসন করার জন্যই চুমু খেয়েছিলাম।” যদিও এখন দুজনের সম্পর্ক স্বাভাবিক হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার
২০১৮ সালে মিকা সিংকে সংযুক্ত আরব আমিরাতে এক ব্রাজিলিয়ান মডেল অভিযোগ করেন, তিনি মডেলটিকে অশ্লীল ছবি পাঠিয়েছিলেন ও কাজের লোভ দেখিয়েছিলেন। যদিও মিকার মুখপাত্র বলেছিলেন, ‘মিকার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে, তদন্ত চলছে।’
ভারতে কাজের উপর নিষেধাজ্ঞা
২০১৯ সালে পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের আত্মীয়ের বিয়েতে পারফর্ম করায় মিকাকে নিষিদ্ধ করে ফেডারেশন অফ ওয়েস্টার্ন সিনেমা এমপ্লয়িজ (FWICE) ও অল-ইন্ডিয়া সিনেমা ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)। মিকা অবশ্য পরে দুঃখ প্রকাশ করেন ও বলেন, ‘ভুল সময়ে চলে গিয়েছিলাম, ক্ষমা চাইছি।’
প্রেমিকার থেকে থাপ্পড়
‘স্বয়ম্বর: মিকা দি বোহটি’ শোতে মিকা জানিয়েছিলেন, এক প্রেমিকা তার অন্য মেয়েদের সঙ্গে ফোনালাপের কারণে তাকে চড় মেরেছিলেন। মিকা বলেন, ‘ওর নাম রাকেশ হিসেবে সেভ করেছিলাম। ধরা পড়ার পর ও আমায় সপাটে চড় মেরেছিল।’

মিকা-রাখি
হিট-অ্যান্ড-রান মামলা
২০১৪ সালে মিকাকে এক অটো রিকশা ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার অভিযোগে দায়ী করা হয়। যাত্রী গুরুতর আহত হন, যদিও মিকা অভিযোগ অস্বীকার করেছিলেন।
ডাক্তারের কানে থাপ্পড়
২০১৫ সালে এক কনসার্টে মিকা এক ডাক্তারের কানে থাপ্পড় মারেন। অভিযোগ, সেই থাপ্পড়ে ডাক্তারটির কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয়। পরে জানা যায়, ডাক্তারটির খারাপ ব্যবহারই ছিল সেই থাপ্পড়ের কারণ।
বিমানে অতিরিক্ত বৈদেশিক মুদ্রা বহন
২০১৩ সালে মিকাকে মুম্বাই বিমানবন্দরে ১২,০০০ ডলার ও ৩ লাখ টাকা বহনের অভিযোগে আটক করা হয়। এই ঘটনায় তাকে নিয়ে আবারও বিতর্ক তৈরি হয়।

মিকা
পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ
২০০৯ সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পারফর্ম করতে গিয়ে মিকা অশ্লীল মন্তব্য করে ছাত্রীদের অসম্মান করেন। এরপর বিশ্ববিদ্যালয় তাকে নিষিদ্ধ করে। মিকা সিং একাধারে মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম সেরা গায়ক, আবার বিতর্কের রাজার তকমাও তার প্রাপ্তি। আজ তার জন্মদিনে এইসব কাহিনী মনে পড়ে গেলেই মনে হয়—মিকা সিং মানেই গানের সুর আর বিতর্কের ঝড়!