শুধু লেখাতেই নয়, উদযাপনেও ছিল ভরপুর আয়োজন। শ্যামৌপ্তি শেয়ার করেছেন জন্মদিনের বেশ কিছু সেলিব্রেশনের মুহূর্ত— যেখানে দেখা যাচ্ছে মধ্যরাতে কেক কাটা, ঘরোয়া সাজে সেলিব্রেশন এবং বাঙালি খাবারের আয়োজন।

শেষ আপডেট: 22 March 2026 13:56
দ্য ওয়াল ব্যুরো: সদ্য বিয়ে হয়েছে রণজটয় বিষ্ণু (Ranojoy Bishnu) ও শ্যামৌপ্তি মুদলির (Shyamoupti Mudly)। তবে বিয়ের পরও সেলিব্রেশন থামছে না। একের পর এক পারিবারিক অনুষ্ঠানে মেতে রয়েছেন জুটি। সেই তালিকায় এবার নতুন সংযোজন রণজয়ের জন্মদিন। বিয়ের পর প্রথম জন্মদিন বলে কথা। সেখানে সেলিব্রেশন থাকবে না তা কি হয়? তাই রবিবার বেলা হতেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করলেন শ্যামৌপ্তি। শুভেচ্ছা ও ভালবাসায় ভরালেন রণজয়কে।
রবিবার রণজয়কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন শ্যামৌপ্তি। সেখানে তিনি লেখেন, “যদিও প্রতিটা দিনই তোমার দিন, কিন্তু জন্মদিন বলে কথা একটু তো স্পেশাল হতেই হবে। এক রাশ ভালোবাসা নিয়ে ভালো কাটুক আগামী জীবন। যত্নে থাকুক তোমার ভিতরের ছেলেমানুষটা। শুভ জন্মদিন বর।” এই পোস্টেই স্পষ্ট হয়ে ওঠে নববিবাহিত দম্পতির মধুর সম্পর্কের রসায়ন।
শুধু লেখাতেই নয়, উদযাপনেও ছিল ভরপুর আয়োজন। শ্যামৌপ্তি শেয়ার করেছেন জন্মদিনের বেশ কিছু সেলিব্রেশনের মুহূর্ত— যেখানে দেখা যাচ্ছে মধ্যরাতে কেক কাটা, ঘরোয়া সাজে সেলিব্রেশন এবং বাঙালি খাবারের আয়োজন। সব মিলিয়ে একেবারে পারিবারিক আবহে, কাছের মানুষদের নিয়ে বিশেষ দিনটি কাটিয়েছেন রণজয়।
এই পোস্ট দেখা মাত্রই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা। রণজয়কে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন অনুরাগীরা। প্রসঙ্গত, জনপ্রিয় ধারাবাহিক গুড্ডি (Guddi) থেকেই একে অপরের কাছাকাছি আসা। প্রথমে বন্ধুত্ব দিয়েই শুরু হলেও, ধীরে ধীরে সেই সম্পর্ক গড়ায় প্রেমে। ধারাবাহিক শেষ হওয়ার পরও বিভিন্ন অনুষ্ঠান ও পাবলিক অ্যাপিয়ারেন্সে তাঁদের একসঙ্গে দেখা যেত, যা দর্শকদের মধ্যেও বেশ সাড়া ফেলেছিল।
রিল লাইফের এই জুটিকে রিয়েল লাইফেও একসঙ্গে দেখতে চেয়েছিলেন অনুরাগীরা। শুধু ‘গুড্ডি’ নয়, এর আগেও একটি মিউজিক ভিডিয়োতেও একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। বর্তমানে এই রিয়েল লাইফ জুটি আবার কবে একসঙ্গে পর্দায় ফেরে, এখন তারই অপেক্ষায় অনুরাগীরা।