তৃতীয় দাম্পত্য ভাঙার পর ফের শিরোনামে মীরা বাসুদেবন। ইনস্টাগ্রামে জানিয়ে দিলেন— “এখন আমি সিঙ্গল এবং শান্তিতে আছি।”

কে এই নায়িকা?
শেষ আপডেট: 18 November 2025 16:12
দ্য ওয়াল ব্যুরো: মালয়ালম অভিনেত্রী মীরা বাসুদেবন আবারও আলোচনায়। সিনেমাটোগ্রাফার বিপুল পুথিয়ানকামের সঙ্গে দেড় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে তিনি জানিয়ে দিলেন, এখন থেকে তিনি ‘সিঙ্গল’।
২০২৪ সালের এপ্রিলে কোয়েম্বাটুরে বিয়ে করেছিলেন মীরা ও বিপুল। তবে মাত্র দেড় বছরের মাথায়, ২০২৫ সালের অগস্টেই তাঁদের সম্পর্ক ভেঙে যায়। মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি পোস্টে এই খবরটি নিজেই জানান অভিনেত্রী। সেখানে মীরা লেখেন, “আমি, অভিনেত্রী মীরা বাসুদেবন, ২০২৫ সালের অগস্ট থেকে সিঙ্গল। এখন আমি আমার জীবনের সবচেয়ে শান্তিপূর্ণ পর্যায়ে আছি।”
মীরা ও বিপুলের প্রথম পরিচয় হয় জনপ্রিয় মালয়ালম টিভি সিরিয়াল ‘কুদুম্বাবিলাক্কু’-র সেটে। সেখান থেকেই বন্ধুত্ব গভীর হয়ে পৌঁছেছিল বিয়েতে।
দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয় জগতে পরিচিত মুখ মীরা বাসুদেবন। ১৯৮২ সালের ২৯ জানুয়ারি মুম্বইয়ে জন্ম তাঁর। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করলেও পরবর্তীতে অভিনয়ে জোর দেন। মনোবিজ্ঞান ও ইংরেজি সাহিত্যে স্নাতক হন মুম্বইয়ের সিডেনহ্যাম কলেজ থেকে।
২০০৩ সালে মিলিন্দ সোমানের বিপরীতে হিন্দি ছবি Rules: Pyaar Ka Superhit Formula–র মাধ্যমে বলিউড যাত্রা শুরু। এরপর ২০০৫ সালের মালয়ালম ছবি থান্মাথরা-তে মোহনলালের সঙ্গে তাঁর অভিনয় ব্যাপক প্রশংসা কুড়ায়। ‘13B: Fear Has A New Address’, ‘Chain Kulii Ki Main Kulii’-সহ কয়েকটি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন তিনি। তবে সাম্প্রতিক বছরগুলোতে মূলত মালয়ালম ইন্ডাস্ট্রি ও টেলিভিশনকেই কেন্দ্র করে কাজ করছেন।
টিভি জগতে তাঁর সবচেয়ে জনপ্রিয় চরিত্র ‘কুদুম্বাবিলাক্কু’-র সুমিত্রা। বর্তমানে তিনি মধুরানম্বরকাট্টু নামের একটি সিরিয়ালে অভিনয় করছেন। বিপুল পুথিয়ানকামের সঙ্গে বিচ্ছেদ মীরার জীবনের তৃতীয় ব্যর্থ দাম্পত্য।
প্রথম বিয়ে হয়েছিল অভিনেতা বিশাল আগরওয়ালের সঙ্গে, যা পাঁচ বছর টিকে ছিল। পরের বিয়ে অভিনেতা জন কক্কেনের সঙ্গে (২০১২–২০১৬)। তাঁদের এক পুত্রসন্তান রয়েছে— আরীহা জন।