৫৩তম জন্মদিনে স্বামী জুবিন গার্গকে ঘিরে আবেগঘন বার্তা শেয়ার করলেন স্ত্রী গরিমা। বিশেষ মুহূর্তের ছবি পোস্ট হতেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

জুবিন ও গরিমা (সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া)
শেষ আপডেট: 18 November 2025 10:58
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত গায়ক জুবিন গার্গের জন্মদিনে তাঁর স্ত্রী গরিমা সইকিয়া গার্গ ইনস্টাগ্রামে শেয়ার করলেন আবেগঘন পোস্ট। মঙ্গলবার সঙ্গীতশিল্পীর ৫৩তম জন্মদিন, গরিমা নিজের ও জুবিনের কয়েকটি পুরনো ছবি পোস্ট করে অসমিয়ায় লিখলেন, ‘এই জন্ম থেকে পরের জন্ম, আমার গল্প তোমাকেই নিয়ে… শুভ জন্মদিন, গোল্ডি। ভাল থেকো।’
ইনস্টাগ্রাম ক্যারাওসালে রয়েছে জন্মদিনে কেক খাওয়া থেকে শুরু করে বিয়ের দিনের ছবি। সম্পর্কের প্রথম দিকের মুহূর্ত, একসঙ্গে হাঁটার সময়ের ঝলক, সব মিলিয়ে দু’জনের ব্যক্তিগত জীবনের কিছু অংশ সামনে এসেছে।
জুবিন গার্গ ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে (Singapore) সমুদ্রে সাঁতার কাটতে নেমে প্রাণ হারান। মুখ নীচের দিকে থাকা অবস্থায় জল থেকে তাঁকে উদ্ধার করা হয়। ‘নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’ (North East India Festival) শুরু হওয়ার কথা ছিল ২০ সেপ্টেম্বর। তার আগেই এই ঘটনা হয়, যার পর গোটা অনুষ্ঠানটিই আয়োজকরা বাতিল করে দেন। কীভাবে মৃত্যু হল, সেনিয়ে বিতর্কের শেষ নেই।
গত কয়েক মাস ধরে গরিমা সইকিয়া গার্গ জুবিনের মৃত্যুর ঘটনাকে ‘রহস্যজনক’ বলে তদন্তের দাবি জানাচ্ছেন। তাঁর প্রশ্ন, সেদিন ঠিক কী হয়েছিল?
৩ নভেম্বর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) জানান, ৮ ডিসেম্বরের মধ্যে চার্জশিট দাখিলের লক্ষ্য স্থির করা হয়েছে। 'এটি দুর্ঘটনা নয়, বরং খুনের মামলা,' বলেন তিনি।
এ ঘটনায় এপর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন অনুষ্ঠানটিক আয়োজক শ্যামকানু মহান্ত (Shyamkanu Mahanta), জুবিনের আত্মীয় সন্দীপন গার্গ—অসম পুলিশের ডিএসপি পদমর্যাদার অফিসার এবং ব্যান্ড ম্যানেজার সিদ্ধার্থ শর্মা (Siddharth Sharma)। আরও দু’জন ব্যান্ড সদস্যকেও আটক করা হয়েছে।
জন্মদিনের আবহের সঙ্গেই তাই ফের সামনে এল তদন্তের প্রসঙ্গ। মঙ্গলবার ভোরে বহু ভক্ত প্রিয় সঙ্গীতশিল্পীর দাহস্থলে গিয়ে কেক কেটে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান। কেউ কেউ তাঁর জনপ্রিয় গান ‘মায়াবিনী’ গেয়েও স্মরণ করেন।