
শেষ আপডেট: 20 March 2023 10:08
দ্য ওয়াল ব্যুরো: রাজনীতি আর অভিনয়, স্বরা ভাস্করের (Swara Bhaskar) বিয়েতে যেন সব মিলেমিশে একাকার। সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়েছেন অভিনেত্রী স্বরা। গত ১৬ মার্চ আয়োজিত হয়েছিল স্বরা ও ফাহাদের বিয়ের (Wedding) অনুষ্ঠান। তাঁদের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতের তালিকায় ছিলেন তাবড় তাবড় নেতারা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছেও আমন্ত্রণ এসেছিল। কিন্তু নিমন্ত্রণ রক্ষা করতে পারেননি মমতা।
ব্যস্ততার কারণে স্বরার বিয়েতে যেতে পারেননি মমতা। তবে লিখিত শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তিনি। মমতার ওই চিঠি টুইটারে পোস্ট করেছেন স্বরা। একই সঙ্গে ধন্যবাদ জ্ঞাপনও করেছেন।
নিজের লেটারহেডে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'স্বরা ও ফাহাদের বিয়ের আমন্ত্রণ পত্র পেয়ে আমি দারুণ খুশি। দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি দু’জনের বৈবাহিক জীবন যেন সুখের হয়।‘ এই চিঠি পেয়ে আপ্লুত স্বরা। টুইটারে ছবি পোস্ট করে স্বরা লিখেছেন, 'আপনার শুভেচ্ছা বার্তার জন্য অনেক ধন্যবাদ। আমাদের রিসেপশনে আপনার উপস্থিতি আমরা ভীষণ মিস করেছি। কিন্তু আপনি যে আমাদের চিঠি মারফৎ জবাব দিলেন তাতে আমরা আপ্লুত'।
প্রসঙ্গত, স্বরার বিয়েতে হাজির ছিলেন অখিলেশ যাদব, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, রাহুল গান্ধী। এছাড়া পার্টিতে এসেছিলেন সমাজবাদী পার্টির নেত্রী জয়া বচ্চনও। প্রথমে রেজিস্ট্রি ম্যারেজ হলেও ধুমধাম করে বিয়ের রিসেপশন হল স্বরার।
অয়ন শীলের নাম ছিল শ্রীকুমারের সুইসাইড নোটে, পুরনো কথা মনে করছে ব্যান্ডেল