অর্জুন অধ্যায়ের পর ১৯ বছরের ছোট প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ ছবি ঘিরে তোলপাড় নেটদুনিয়া।

মালাইকা অরোরা, হর্ষ মেহেতা
শেষ আপডেট: 21 February 2026 17:05
দ্য ওয়াল ব্যুরো: অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই মালাইকা অরোরার (Malaika Arora) ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা তুঙ্গে। ‘ছাঁইয়া ছাঁইয়া গার্ল’-এর জীবনে নতুন প্রেম এসেছে কি না, সেই জল্পনার সূত্রপাত হয়েছিল এনরিক ইগলেসিয়াসের মুম্বই কনসার্ট থেকেই। আর এবার ইতালির একটি ছবি সেই জল্পনায় যেন নতুন করে আগুনে ঘি ঢেলেছে। বর্তমানে সেই ছবিকেই কেন্দ্র করে নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা।

সম্প্রতি ইতালিতে ছুটি কাটাতে গিয়েছিলেন মালাইকা। সেখানেই এক অনুরাগীর ক্যামেরায় ধরা পড়ে তাঁর একান্ত ব্যক্তিগত মুহূর্ত। কালো ট্রেঞ্চ কোট, টাইট করে বাঁধা চুল এবং নো-মেকআপ লুকে মালাইকাকে দেখা যায় স্বাভাবিক অথচ আকর্ষণীয় ভঙ্গিতে। তাঁর পাশেই ছিলেন নতুন প্রেমিক। ‘মুন্নি’র গালে গাল ঠেকিয়ে সেই ঘনিষ্ঠ মুহূর্ত সেলফিতে বন্দি করতে দেখা যায় তাঁকে। যদিও সেই ছবি মালাইকা বা তাঁর সঙ্গী কেউই প্রকাশ্যে আনেননি, তবুও অনুরাগীদের সূত্রে সেই মুহূর্ত এখন সেলেব মহলের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। রোম শহরের সেই রোম্যান্টিক ফ্রেমই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
শোনা যাচ্ছে, অর্জুন কাপুরের সঙ্গে ২০২৪ সালে দূরত্ব তৈরি হওয়ার পর থেকেই মালাইকার সঙ্গে হর্ষ মেহেতার ঘনিষ্ঠতা বাড়ে। ধীরে ধীরে সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয়েছে বলেই দাবি সেলেব মহলের একাংশের। গত এক বছর ধরে তাঁরা একে অপরকে ডেট করছেন বলেও জোর গুঞ্জন রয়েছে।
সূত্রের খবর, মালাইকার জীবনে নতুন করে জায়গা করে নেওয়া এই ব্যক্তি পেশায় একজন হিরে ব্যবসায়ী। তাঁর নাম হর্ষ মেহেতা এবং বয়স ৩৩। অন্যদিকে মালাইকার বয়স ৫২, দু’জনের মধ্যে বয়সের পার্থক্য প্রায় উনিশ বছর। গত বছরের নভেম্বর মাসের শুরুতেই মুম্বইয়ে এনরিক ইগলেসিয়াসের কনসার্টে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। এমনকি সেই সময় রং মিলিয়ে পোশাক পরেও হাজির হয়েছিলেন তাঁরা। এরপর নাকি প্রেমদিবস উপলক্ষে মালাইকা এই বিশেষ বন্ধুকে নিয়েই বিদেশে বেড়াতে গিয়েছিলেন।
তবে মালাইকার এই নতুন সম্পর্ক নিয়ে যেমন অনুরাগীদের একাংশ উচ্ছ্বসিত, তেমনই সমালোচনার সুরও শোনা গেছে। কেউ কেউ মনে করিয়ে দিয়েছেন তাঁর প্রাক্তন শ্বশুর সেলিম খানের অসুস্থতার প্রসঙ্গ। সমালোচকদের দাবি, যখন সেলিম খান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, তখন মালাইকা নাকি নিজের ব্যক্তিগত জীবনে ব্যস্ত ছিলেন। যদিও এই ধরনের সমালোচনাকে কোনওদিনই বিশেষ গুরুত্ব দেননি মালাইকা। এবারও তিনি নীরব থাকতেই পছন্দ করেছেন।