‘দাবাং’ ছবির হিট গান ‘মুন্নি বদনাম’-এ মালাইকার নাচে প্রথমে আপত্তি করেছিলেন সলমন খান ও আরবাজ। পরিচালক অভিনব কাশ্যপ জানালেন চমকপ্রদ তথ্য।

‘মুন্নি বদনাম হুই’
শেষ আপডেট: 10 September 2025 14:10
দ্য ওয়াল ব্যুরো: ২০১০ সালের সেপ্টেম্বর। অভিনব কাশ্যপের পরিচালনায় মুক্তি পেল ‘দাবাং’। সলমন খানের পুলিশি লুক, সোনাক্ষী সিনহার ডেবিউ আর সোনু সুদের খলনায়ক চরিত্র—সব মিলিয়ে সিনেমাটি হয়ে ওঠে সুপারহিট। শুধু তাই নয়, এই ছবিকেই হিন্দি ছবির কপ ইউনিভার্সের সূচনা হিসেবে ধরা হয়। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা কুড়িয়েছিল মালাইকা অরোরার নাচের চার্টবাস্টার গান ‘মুন্নি বদনাম হুই’।
কিন্তু সম্প্রতি পরিচালক অভিনব কাশ্যপ জানিয়েছেন, এই গান নিয়েই নাকি খান পরিবারের মধ্যে তীব্র টানাপোড়েন চলেছিল! তাঁর দাবি, প্রথমে সলমন ও আরবাজ কেউই চাননি মালাইকা গানটিতে অভিনয় করুন। কারণ? তাঁদের মতে, ‘আইটেম গার্ল’ ট্যাগ পেয়ে যাবেন আরবাজের স্ত্রী। কাশ্যপের ভাষায়, “সলমন আর আরবাজ খুব রক্ষণশীল মানসিকতার ছিলেন। তাঁরা একেবারেই চাইতেন না পরিবারের কোনও মহিলা প্রকাশ্যে খোলামেলা পোশাকে নাচুন।”
তবে শেষ পর্যন্ত মালাইকা নিজের সিদ্ধান্তে অটল থাকেন। অভিনবের কথায়, “মালাইকা শক্তিশালী, স্বাধীনচেতা। প্রস্তাব শুনেই তিনি হ্যাঁ বলেন। আরবাজকে রাজি করাতে সময় লেগেছিল ঠিকই, তবে তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে এটি শুধুই নাচ, কোনও অশ্লীলতা নয়।” অবশেষে রাজি হন আরবাজও।
অন্যদিকে, শুরুর পরিকল্পনায় গানটিতে সলমন খানের উপস্থিতির প্রশ্নই ছিল না। পরে গানটির সম্ভাব্য জনপ্রিয়তা আঁচ করে সলমন নিজেই যুক্ত হন শুটিংয়ে। ফলে নতুন করে সাজানো হয় পুরো সিকোয়েন্স। আর তার ফলাফল আমরা সকলেই জানি—‘মুন্নি বদনাম’ রেকর্ড ভেঙে দিয়েছিল একের পর এক।
পারিবারিক সমীকরণ অবশ্য পরে অন্য দিকে মোড় নেয়। ১৯৯৮ সালে বিয়ে করেছিলেন আরবাজ ও মালাইকা। তাঁদের ছেলে আরহানের জন্ম ২০০২ সালে। কিন্তু দীর্ঘ আঠারো বছরের দাম্পত্য ভেঙে যায় ২০১৭ সালে। বর্তমানে দু’জন আলাদা থাকলেও, ছেলে আরহানের কো-প্যারেন্টিং চালিয়ে যাচ্ছেন তাঁরা।