
'আমার বস'-এর গান মালাচন্দন
শেষ আপডেট: 11 April 2025 19:34
দ্য ওয়াল ব্যুরো: দুধসাদা খোলা পিঠ। তাতে সযত্নে লেখা কয়েকটি লাইন। যে লাইনগুলিতে লুকিয়ে আছে সেই প্রেম, যে প্রেম আমি-আপনি খুঁজেছি বহুদিন, মেলেনি। যে প্রেমে রয়েছে সমর্পণ, ভালবাসার অনবদ্য আকুতি।
মুক্তি পেয়েছে শিবপ্রসাদ-নন্দিতা জুটির আগামী ছবি 'আমার বস'-এর গান মালাচন্দন। আর সেই গানেরই একটা দৃশ্য নিয়ে হইচই। লাভমেকিংয়ের দৃশ্যে সাদা খাটে শুয়ে আছেন শ্রাবন্তী। প্রেমিক শিবপ্রসাদের কামনায় শুধু প্রেমিকার শরীর নয়। সাদা পিঠে তিনি লিখলেন জয় গোস্বামীর সেই কবিতা। কবিতার অনুষঙ্গ ধরেই পিঠে লেখা, 'যাও আজীবন অশান্তি ভোগ করো।'
প্রেমিক-প্রেমিকা পার্কে যাবে, বেড়াবে, ঘুরবে, বিছানায় একে অপরকে জড়িয়ে ধরবে, আদিম উল্লাসে মেটাবে সুখ--এ হেন কনসেপ্টের বাইরে আবারও একবার নতুন ভাবে ভেবেছেন এই পরিচালক জুটি। এখানেও প্রেমিক-প্রেমিকা ঘোরেন, বেড়ান, আবার দিন শেষে প্রেমিকার পিঠে জায়গা করে নেয় প্রেমিকের অনুভূতি, ঝরে পড়ে লেখা হয়ে।
দ্য ওয়ালকে শ্রাবন্তী বলছিলেন, 'আসলে ওদের প্রেমটার মধ্যেই জয় গোস্বামী রয়েছেন। সেই কারণেই বিশেষ মুহূর্তেও সঙ্গী সেই কবিতা।" গানটি হিট। হিট শিবু-শ্রাবন্তীর রসায়নও। বহুরূপীতে ঝলক মিলেছিল, 'আমার বস'-এর আহত ধরেই কি সাবালক হলেন লাজুক' শিবু?