শেফালি জরিওয়ালার আকস্মিক মৃত্যু যেন নাড়িয়ে দিয়েছে তাঁকে। সমাজমাধ্যমে একটি ভিডিয়ো বার্তায় নিজের ভয়, উপলব্ধি আর প্রতিজ্ঞার কথা জানালেন টলিপাড়ার চর্চিত মুখ মধুবনী।

মধুবনী গোস্বামী
শেষ আপডেট: 7 July 2025 16:17
দ্য ওয়াল ব্যুরো: ‘জীবনটাই যদি না থাকে, তাহলে রোগা হয়ে কী হবে!’— কথাটা বলার সময় গলার স্বর কেঁপে যাচ্ছিল মধুবনী গোস্বামীর। শেফালি জরিওয়ালার আকস্মিক মৃত্যু যেন নাড়িয়ে দিয়েছে তাঁকে। সমাজমাধ্যমে একটি ভিডিয়ো বার্তায় নিজের ভয়, উপলব্ধি আর প্রতিজ্ঞার কথা জানালেন টলিপাড়ার চর্চিত মুখ মধুবনী।
ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেন। অভিনেত্রীর কথায়, ‘‘আমি খুব ভয় পেয়েছি। একজন অভিনেত্রী যিনি বিখ্যাত এক মিউজিক ভিডিয়ো করেছিলেন, তিনি খুব কম বয়সে হৃদরোগে মারা গেলেন। শুনছি তিনি অনেকক্ষণ খালি পেটে ছিলেন, খালি পেটেই ওষুধ খান, আর তারপর... বাকিটা ইতিহাস।’’

সেই ভিডিওয় নিজের জীবনযাপন নিয়ে সৎ স্বীকারোক্তিও করেন তিনি। তিনি বলেন,‘‘আমি ভাত, রুটি বন্ধ করে দিয়েছিলাম। শুধু প্রোটিন খেতাম। কারণ আমাদের মাথায় গেঁথে দেওয়া হয়েছে যে রোগা হতে হলে ভাত-মিষ্টি বাদ দিতেই হবে। কিন্তু এখন চিকিৎসকরা বলছেন, এটা বিরাট ভুল।’’
শুধু খাদ্যাভ্যাস নয়, শরীরচর্চার দিকেও মন দেবেন বলে জানিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘‘সময় পাই না বলে ব্যায়াম করি না—এই অজুহাত আর নয়। আমি নিয়মিত শরীরচর্চা করব, তবে খাওয়া বন্ধ করব না। পরিমাণমতো সব খাব, যেন শরীরও ভাল থাকে, মনও।’’ভিডিয়োর ক্যাপশনে লেখেন, ‘একজন অভিনেত্রীর মৃত্যু হলো... খুব ভয়ে আছি...’।

আর সেই ভয়ই যেন এক নতুন বার্তা হয়ে উঠল দর্শকদের জন্যও। অতিরিক্ত রোগা হবার চাপে শরীরের উপর অত্যাচার নয়, প্রকৃতির নিয়ম মেনে বাঁচাই হোক প্রধান বার্তা— এই বক্তব্যই তুলে ধরতে চেয়েছেন তিনি।
দিন কয়েক আগেই মৃত্যু হয়েছে শেফালি জারিওয়ালার। অভিনেত্রীর মৃত্যুর কারণ নিয়ে এখনও রয়েছে ধন্দ। ময়নাতদন্তের রিপোর্ট এখনও প্রকাশ্যে আসেনি। তবে প্রাথমিক ভাবে ধারণা, হার্টফেল করেই মৃত্যু হয়েছে অভিনেত্রীর। জানা গিয়েছে যৌবন ধরে রাখতে গ্লুটাথিয়ন নামে এক ইঞ্জেকশন নিতেন তিনি।