
শেষ আপডেট: 30 August 2023 10:41
দ্য ওয়াল ব্যুরো: বাংলা সঙ্গীত জগতে শোকের ছায়া। দীর্ঘ একমাস যাবত অসুস্থ থাকার পর বুধবার প্রয়াত হলেন গীতিকার (lyricist)-কবি কিংশুক চট্টোপাধ্যায় (Kingshuk Chatterjee)। সোনারপুরের এক হাসপাতালে আজ সকালে মারা যান তিনি। পরিবার সূত্রে খবর, বিগত একমাস ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। মাঝে বাড়ি ফিরলেও সোমবার ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। আর তারপর বুধবারের মধ্যেই সব শেষ। মৃত্যুকালে কিংশুকের বয়স হয়েছিল মাত্র ৪৫ বছর।


শিলাজিতের ‘এসো হে কেষ্ট’ কিংবা রূপঙ্করের ‘ও চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাব’র মতো বিখ্যাত গান বেরিয়ে এসেছে কিংশুকের কলম থেকেই। সম্প্রতি হরনাথ চক্রবর্তী পরিচালিত ছবি ‘ও লাভলি’-তেও গান লিখেছেন তিনি। এদিন তাঁর মৃত্যুসংবাদ সোশ্যাল মিডিয়ায় জানাজানি হতেই শোকের ছায়া নেমেছে সঙ্গীত জগতে। শিল্পী থেকে শুরু করে কিংশুকের কলমের অনুরাগীরা, সকলেই শোকপ্রকাশ করেছেন। জানা গিয়েছে, লিভারের অসুখে ভুগছিলেন কিংশুক। এইজন্য অনেকেই শিল্পীর অনিয়ন্ত্রিত জীবনযাপনকে দায়ী করেছেন।
উল্লেখ্য, এর আগেও একবার ২০১৩-১৪ সাল নাগাদ গুরুতর অসুস্থ হয়ে গান-কবিতার জগত থেকে সরে গিয়েছিলেন কিংশুক। তবে ২০১৬-তে সুস্থ হয়ে আবার ফিরে আসেন। এরপর ধীরে ধীরে আবারও কাজ করছিলেন সবার সঙ্গে। কিন্তু এবার আর ফিরতে পারলেন। যে চাঁদকে নিয়ে তিনি গান লিখেছিলেন, এবার সেই চাঁদের দেশেই পাড়ি দিলেন শিল্পী। কিন্তু কিংশুকের এভাবে অকালে চলে যাওয়া মেনে নিতে পারছেন না তাঁর সহকর্মী ও পরিবারের সদস্যরা৷ সকলেই এই মৃত্যুসংবাদ পেয়ে ভেঙে পড়েছেন৷
বাংলায় ছবির বাজার সত্যিই কি ‘ছোট’! জিৎ-দেবকে ব্যবসায় টেক্কা দিচ্ছেন শাহরুখ-আল্লুরা