সম্প্রতি এমনই এক তথ্য সামনে এনে ভারতীয় অনুরাগীদের চমকে দিয়েছেন হলিউড তারকা নিজেই।

শেষ আপডেট: 25 December 2025 19:08
দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও (Leonardo DiCaprio)-র ভারতের সঙ্গে গভীর আত্মীয়তার যোগ রয়েছে, সম্প্রতি এমনই এক তথ্য সামনে এনে ভারতীয় অনুরাগীদের চমকে দিয়েছেন হলিউড তারকা নিজেই (Leonardo DiCaprio India connection)। টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিক্যাপ্রিও জানিয়েছেন, তাঁর সৎমা একজন শিখ (Leonardo DiCaprio Sikh stepmother)। আর তাতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চর্চা।
সাক্ষাৎকারে লিও বলেন, “আমার সৎমা একজন শিখ। আমার বাবা আসলে এক ধরনের হিপি কাউন্টারকালচার পরিবেশে বড় হয়েছেন। সান ফ্রান্সিসকো আর লস অ্যাঞ্জেলেসে বেড়ে ওঠা, সত্তরের দশকে এলএ-র আন্ডারগ্রাউন্ড আর্ট মুভমেন্টের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।”
কে লিওনার্দোর সৎমা?
লিওনার্দোর সৎমা পেগি ডিক্যাপ্রিও একজন অমৃতধারী শিখ। তাঁকে প্রায়ই পাগড়ি পরা অবস্থায় এবং ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে দেখা যায়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, পেগি বহু বছর আগেই শিখ ধর্ম গ্রহণ করেন। তবে নিয়মিত পাগড়ি পরা শুরু করেন তুলনামূলকভাবে সাম্প্রতিক সময়েই।

১৯৯৫ সালে পেগি ডিক্যাপ্রিও বিয়ে করেন লিওনার্দোর বাবা জর্জ ডিক্যাপ্রিওকে। তাঁদের এক পুত্র সন্তানও রয়েছে - অ্যাডাম ফেরার, যিনি লিওনার্দোর সৎভাই। উল্লেখ্য, জর্জ ডিক্যাপ্রিওর এটি দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি লিওনার্দোর মা ইরমেলিন ইনডেনবিরকেনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়, তখন লিওর বয়স ছিল মাত্র এক বছর।
সেটে ব্র্যাড পিটের প্রতিক্রিয়া
এই সাক্ষাৎকারেই লিও আরেকটি মজার স্মৃতির কথা ভাগ করে নেন। তিনি জানান, Once Upon a Time in Hollywood ছবির শুটিং চলাকালীন একদিন তাঁর বাবা ও সৎমা সেটে এসেছিলেন। কিন্তু সহ-অভিনেতা ব্র্যাড পিট (Brad Pitt) প্রথমে বিশ্বাসই করতে চাননি যে ওঁরাই লিওর বাবা-মা।
লিওর কথায়, “মুসো অ্যান্ড ফ্র্যাঙ্কস থেকে হলিউড বুলেভার্ডে ঘুরতেই আমি ব্র্যাডকে বলি, ‘ওই যে, আমার বাবা আর সৎমা।’ ও বলে, ‘হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে!’ আমি বললাম, না সত্যি ওরাই। ও আবার বলল, ‘হ্যাঁ, ঠিক আছে!’ আমি বললাম, জানি ওদের দেখতে এই ছবির এক্সট্রা শিল্পীদের মতো লাগছে, কিন্তু ওরাই আসলে আমার বাবা-মা। ওরাই প্রতিদিন এভাবেই পোশাক পরেন। মুহূর্তটা অসাধারণ ছিল!”

ভারতীয় অনুরাগীদের প্রতিক্রিয়া (Indian fans reaction)
এই তথ্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস দেখা যায় ভারতীয় অনুরাগীদের মধ্যে। একজন লেখেন, “এটা জানার পর ওকে আরও বেশি ভাল লাগছে। স্পষ্টই বোঝা যায়, উনি খুব ভাল মানুষের হাতেই বড় হয়েছেন।”
আর এক অনুরাগীর মন্তব্য, “লিওনার্দো ডিক্যাপ্রিওর সৎমা যে শিখ, এটা এমন একটা র্যান্ডম তথ্য, যেটা আমার দারুণ লাগছে!”
আরও একজন লেখেন, “আমি নিজে শিখ, যদিও পাগড়ি পরি না, কিন্তু এটা ভাবতেই অবাক লাগে যে পৃথিবীর অন্যতম জনপ্রিয় অভিনেতার সঙ্গে এমন একটা ধর্মের যোগ রয়েছে, যা বিশ্বে তুলনামূলকভাবে কম অনুসৃত।”
এক ভক্ত বলেন, “‘হোয়াটস ইটিং গিলবার্ট গ্রেপ’ থেকে আমি লিওকে ফলো করছি। কখনও ওকে পরিবারের কথা বলতে শুনিনি। বিষয়টা সত্যিই সুন্দর।”
লিওনার্দোর সাম্প্রতিক ছবি
সম্প্রতি লিওনার্দো ডিক্যাপ্রিওকে দেখা গিয়েছে One Battle After Another ছবিতে। ছবিটি পরিচালনা করেছেন পল থমাস অ্যান্ডারসন। সহ-অভিনয়ে রয়েছেন শন পেন, বেনিসিও দেল তোরো, রেজিনা হল, তেয়ানা টেলর ও চেস ইনফিনিটি।
ছবির গল্প আবর্তিত হয়েছে এক প্রাক্তন বিপ্লবী ববকে ঘিরে, যিনি তাঁর মেয়ে উইলাকে নিয়ে সমাজের বাইরে বিচ্ছিন্ন জীবন কাটান। ১৬ বছর পর ববের পুরনো শত্রু লকজ’ ফের হাজির হলে উইলার নিখোঁজ হয়ে যাওয়া তাঁর জীবন ওলটপালট করে দেয়। মেয়েকে উদ্ধার করতে ববকে ফের মুখোমুখি হতে হয় নিজের অতীতের সঙ্গে।
ছবিটি ২৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং সর্বত্র প্রশংসা কুড়িয়েছে।