কানাডায় একের পর এক হামলার ঘটনার পর নতুনভাবে ব্যবসার পথে কপিল শর্মা। বর্ষশেষে দুবাইয়ে খুললেন নতুন ক্যাফে, বর্ষবরণে বিশেষ চমক।

কপিল শর্মা
শেষ আপডেট: 31 December 2025 16:45
দ্য ওয়াল ব্যুরো: গত অগস্টে কানাডায় কপিল শর্মার সদ্য উদ্বোধন হওয়া বিলাসবহুল ক্যাফেতে একের পর এক হামলার ঘটনা চাঞ্চল্য তৈরি করেছিল। প্রথমে খলিস্তানিদের হামলায় কয়েক রাউন্ড গুলিতে ঝাঁজরা হয়ে যায় রেস্তরাঁর কাচের দেওয়াল। এরপর পরপর দু’বার সেই ক্যাফেতেই হামলা চালায় বিষ্ণোই গ্যাং। দুই নিষিদ্ধ গোষ্ঠীর আক্রমণে তৈরি হওয়া সেই ‘অভিশপ্ত অধ্যায়’ পেরিয়ে এবার বছরশেষে নতুন করে ব্যবসার পথে এগোলেন কৌতুক অভিনেতা ও সঞ্চালক কপিল শর্মা।
২০২৬-কে স্বাগত জানানোর প্রাক্কালে, ৩১ ডিসেম্বর বুধবার দুবাইয়ে নতুন ‘ফুড জয়েন্ট’ খুলে খাদ্যরসিকদের জন্য বিশেষ উপহার নিয়ে হাজির হলেন কপিল। বুধবার সকালেই দুবাই থেকে নিজের নতুন ক্যাফের এক ঝলক সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তিনি। রেস্তরাঁর অন্দরসজ্জাতেও রেখেছেন চমক, কপিলের জনপ্রিয় কমেডি শোয়ের ধাঁচেই সাজানো হয়েছে এই ক্যাফে।
বর্ষবরণের রাতকে আরও বিশেষ করে তুলতে অতিথিদের জন্য বাড়তি সুযোগ-সুবিধার ব্যবস্থাও করা হয়েছে। জানা গেছে, বুধবার বিকেল ৪টে থেকে রাত ১২টা পর্যন্ত খোলা থাকবে রেস্তরাঁর দরজা। কপিলের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, তিনি নিজেই অতিথিদের হাতে কফি তুলে দিচ্ছেন।
দুবাই স্টাইলেই ভিডিওর ক্যাপশনে সবাইকে স্বাগত জানিয়েছেন কপিল শর্মা। সেখানে লেখা, “হাবিবি, ক্যাপস ক্যাফেতে আপনাদের স্বাগত। ৩১ ডিসেম্বর—মানে আজ থেকেই আপনাদের সকলের জন্য আমার রেস্তরাঁর দরজা খুলে দিলাম।” কপিলের এই নতুন উদ্যোগে উচ্ছ্বসিত কমেডিয়ান ভারতী সিংও। তিনি শুভেচ্ছা জানিয়ে নিজের খুশির কথা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, মাস দুয়েক আগে কানাডার ক্যাফেতে হামলার ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন কপিল শর্মা। সাংবাদিকদের সামনে তিনি জানিয়েছিলেন, প্রতিটি হামলার পরই উল্টে ক্যাফের ব্যবসা আরও বেড়েছে। কপিলের কথায়, “প্রত্যেকটা হামলার পর আমাদের ক্যাফের আয় রমরমিয়ে বেড়েছে। আরও বেশি মানুষ আসছেন। আসলে ঈশ্বর আপনার সঙ্গে থাকলে সব ঠিক থাকে।”