আইকনিক গান ‘সন্দেশে আতে হ্যায়’ নতুন রূপে ফিরছে ছবির সিক্যুয়েলে। তবে গানের টিজারে নিজের নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করলেন সুরকার অনু মালিক।

অনু মালিক
শেষ আপডেট: 31 December 2025 16:21
দ্য ওয়াল ব্যুরো: ১৯৯৭ সালের কালজয়ী ছবির সিক্যুয়েলের ঘোষণা আগেই হয়েছিল। টিজার মুক্তির পরই নস্ট্যালজিয়ার আবেগে ভেসে যান অনুরাগীরা, ফিরে আসে সেই পুরনো শিহরণ, গর্ব আর স্মৃতির রোমাঞ্চ। শুধু ছবিই নয়, দর্শকের আবেগে নতুন করে নাড়া দিয়েছে আইকনিক গান ‘সন্দেশে আতে হ্যায়’। সিক্যুয়েলের হাত ধরেই নতুন রূপে ফিরছে এই গান। সম্প্রতি নির্মাতারা সোশ্যাল মিডিয়ায় গানের টিজার প্রকাশ করেছেন, যা সপ্তাহের শুরুতেই আলোচনার কেন্দ্রে উঠে আসে।
এই সিক্যুয়েলের জন্য গানটি নতুন করে তৈরি করেছেন মিঠুন। পুরনো সুরের আবহে নির্মিত নতুন ‘সন্দেশে আতে হ্যায়’-এর টিজার প্রকাশ্যে আসতেই এবার মুখ খুললেন সুরকার অনু মালিক।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্ষোভের সুরে তিনি বলেন, ‘সন্দেশে আতে হ্যায়’ নতুন করে তৈরি করা হয়েছে এবং ছবির সিক্যুয়েলে ব্যবহার করা হচ্ছে। আমি জানি, এই নতুন সংস্করণের সঙ্গে আমি সরাসরি যুক্ত নই। কিন্তু এই গানটি যেহেতু আইকনিক এবং যেহেতু এটি আমার ও জাভেদ আখতারের সৃষ্টি, তাই ছবির টিমের উচিত আমাদের কাজের স্বীকৃতি দেওয়া।”
তবে ক্ষোভের পাশাপাশি শুভেচ্ছা জানাতেও ভোলেননি অনু মালিক। তিনি বলেন, “ছবির টিমকে আমি শুভকামনা জানাই। নতুন ‘সন্দেশে আতে হ্যায়’ খুব হিট করবে বলেই আশা করি। সোনু নিগম ও অরিজিৎ সিং, দু’জনেই অসাধারণ গায়ক। এই গানের প্রতি তাঁরা সুবিচার করবেন বলেই আমার বিশ্বাস।”
উল্লেখ্য, ‘সন্দেশে আতে হ্যায়’ আজও দর্শকের কাছে সমানভাবে প্রাসঙ্গিক। সেই জনপ্রিয় গানই ফের ব্যবহার করা হয়েছে ছবির সিক্যুয়েলে। নতুন করে গানটি বেঁধেছেন মনোজ মুন্তাসির। মূল ‘বর্ডার’ ছবিতে এই গানটির কথা লিখেছিলেন জাভেদ আখতার এবং সুর দিয়েছিলেন অনু মালিক। কিন্তু সিক্যুয়েলের গানের টিজারে দেখা যাচ্ছে মিঠুন, মনোজ মুন্তাসির, সোনু নিগম ও অরিজিৎ সিংয়ের নাম, সেখানে অনু মালিকের নাম নেই। এই বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত ছবির নির্মাতাদের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।