রণবীর সিংয়ের ডন ৩ থেকে সরে যাওয়ার পর নতুন ডন হিসেবে হৃত্বিক রোশনের নাম উঠে আসছে।

‘ডন ৩’
শেষ আপডেট: 30 December 2025 23:37
দ্য ওয়াল ব্যুরো: ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ঘিরে বলিউডে জল্পনা তুঙ্গে। রণবীর সিংয়ের প্রজেক্ট থেকে সরে যাওয়ার খবরের পরেই নতুন করে আলোচনায় উঠে এসেছে হৃত্বিক রোশনের নাম। ইন্ডাস্ট্রির অন্দরের খবর অনুযায়ী, ‘ডন ৩’-এর নতুন মুখ হিসেবে হৃত্বিককে নেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছেন নির্মাতারা।
এই জল্পনা একেবারেই নতুন নয়। ‘ডন ২’-এ দর্শকরা ইতিমধ্যেই হৃত্বিক রোশনকে এক ঝলক দেখেছেন। ছবির এক গুরুত্বপূর্ণ দৃশ্যে শাহরুখ খানের চরিত্র অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে হৃত্বিকের চেহারায় আত্মপ্রকাশ করেছিল। সেই ক্যামিও এখনও অনুরাগীদের মনে টাটকা। ফলে অনেকের মনেই প্রশ্ন, নতুন ছবির গল্পের সঙ্গে কি সেই মুহূর্তের কোনও যোগসূত্র থাকবে? যদিও এই বিষয়ে নির্মাতাদের তরফে এখনও কোনও স্পষ্ট ইঙ্গিত মেলেনি।
ফিল্মফেয়ার-কে উদ্ধৃত করে একটি সূত্র জানিয়েছে, রণবীর সিংয়ের প্রস্থানের পর হৃত্বিক রোশন এই মুহূর্তে ‘ডন’ চরিত্রের জন্য অন্যতম শক্তিশালী বিকল্প হিসেবে উঠে এসেছেন। সূত্রের কথায়, “আলোচনা এখনও একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে হৃত্বিক শেষ পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজির অংশ হন কি না, সেটাই এখন দেখার।”
উল্লেখ্য, ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জড়িয়ে রয়েছে এক বিশাল ঐতিহ্য। ১৯৭৮ সালে অমিতাভ বচ্চনের হাত ধরে শুরু হয়েছিল এই চরিত্রের যাত্রা। পরে ২০০৬ ও ২০১১ সালে শাহরুখ খান নতুন মাত্রা দিয়েছিলেন ‘ডন’কে। সেই কারণেই ‘ডন ৩’-এর জন্য এমন একজন অভিনেতাকে বেছে নিতে চাইছেন নির্মাতারা, যাঁর স্টারডম ও অভিনয়ের অভিজ্ঞতা এই উত্তরাধিকার বহন করতে সক্ষম।
শোনা যাচ্ছে, ‘ধুরন্ধর’ ছবির বড় সাফল্যের পরেই রণবীর সিং এই প্রজেক্ট থেকে সরে দাঁড়ান। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত নির্মাতা বা অভিনেতার তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। জানা যাচ্ছে, আপাতত রণবীর মন দিয়েছেন জয় মেহতার আগামী ছবি ‘প্রলয়’-এর কাজে।