মহাকুম্ভে ভাইরাল হওয়া মোনালিসা ভোঁসলে সাংবাদিক বৈঠকে পরিচালকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তুললেন। বিচার চাইলেন ‘কুম্ভ গার্ল’, এখনও প্রতিক্রিয়া দেননি পরিচালক।

মোনালিসা ভোঁসলে
শেষ আপডেট: 25 March 2026 19:34
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালের মহাকুম্ভের সময় ভাইরাল হয়ে নজর কেড়েছিলেন ‘ভাইরাল গার্ল’ মোনালিসা ভোঁসলে, যিনি মোনালিসা নামেই বেশি পরিচিত। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার পর বলিউডেও ডেবিউ করেন তিনি। পরিচালক সনোজ মিশ্র-র নজরে পড়ার পর তাঁর একটি ছবিতে সই করেন মোনালিসা। কিন্তু এবার সেই পরিচালকের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ তুলেছেন তিনি।
সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে মোনালিসা দাবি করেন, সনোজ মিশ্রর হাতে তিনি যৌন নিগ্রহের শিকার হয়েছেন। ঘটনার কথা বলতে গিয়ে প্রকাশ্যেই কান্নায় ভেঙে পড়েন তিনি। তাঁর অভিযোগ, একাধিকবার তাঁর সঙ্গে অসভ্য আচরণ করেছেন পরিচালক। মোনালিসার কথায়, “সনোজ মিশ্র মোটেই ভাল মানুষ নন। আমার গায়ে ১০ বার হাত দিয়েছেন।” এই ঘটনার কথা তিনি পরিবারকেও জানিয়েছিলেন বলে দাবি করেন, কিন্তু সেখান থেকে কোনও সমর্থন পাননি। ক্ষোভ ও হতাশা প্রকাশ করে মোনালিসা জানান, তিনি ন্যায়বিচার চান। তাঁর বক্তব্য, “আমি জানি আমার উপর দিয়ে কী গিয়েছে। আমার সঙ্গে অন্যায় হয়েছে, আমি শুধু বিচার চাই।”
তবে এই অভিযোগের পর এখনও পর্যন্ত সনোজ মিশ্রর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, প্রায় এক বছর পর আবারও খবরের শিরোনামে উঠে এসেছেন মোনালিসা। সম্প্রতি তিনি বাড়ি থেকে পালিয়ে কেরলে চলে যান তাঁর প্রেমিক ফরমান-এর সঙ্গে। এক মুসলিম যুবককে বিয়ে করতে চান জানালে পরিবারের আপত্তির মুখে পড়েন তিনি। পরে কেরলের একটি মন্দিরে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর মোনালিসা ও ফরমান পুলিশে অভিযোগ জানিয়েছেন, কারণ তাঁদের খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন তাঁরা। এর মধ্যেই পরিচালক সনোজ মিশ্রর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তুলে নতুন করে বিতর্কে জড়ালেন ভাইরাল গার্ল মোনালিসা।