ফারহান আখতারের পরিচালনায় ‘ডন ৩’ নিয়ে উত্তেজনার পারদ চড়ছে ক্রমাগত। এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় অধ্যায়ে প্রথমবার একসঙ্গে বড়পর্দায় আসছেন রণবীর সিং ও কৃতি স্যানন।

রণবীর সিং ও কৃতি স্যানন
শেষ আপডেট: 20 July 2025 16:03
দ্য ওয়াল ব্যুরো: ফারহান আখতারের পরিচালনায় ‘ডন ৩’ নিয়ে উত্তেজনার পারদ চড়ছে ক্রমাগত। এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় অধ্যায়ে প্রথমবার একসঙ্গে বড়পর্দায় আসছেন রণবীর সিং ও কৃতি স্যানন—এমনটাই বলি মহলের জোর গুঞ্জন। শোনা যাচ্ছে, ২০২৬ সালের জানুয়ারিতে মুক্তি পাবে এই প্রতীক্ষিত ছবি।
এই জল্পনার মাঝেই ভাইরাল হয়েছে এক পুরনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মুহূর্ত। যেখানে মঞ্চে রণবীর সিং নিজেই কৃতি স্যাননকে প্রশ্ন করেন—“আমরা কবে একসঙ্গে কাজ করব?” উত্তরে আবেগঘন ভাষায় নিজের অভিনয় যাত্রার কথা বলেন কৃতি।
তিনি বলেন, “অনেক সময় বলা হয়, ‘এত বড় স্বপ্ন দেখ না’, ‘যোগাযোগ ছাড়া কিছু হবে না’। কিন্তু আমি বিশ্বাস করি, হয়তো একটু সময় লাগে, কিন্তু যদি নিজের উপর বিশ্বাস থাকে, তাহলে একদিন ঠিক সফল হওয়া যায়। আমার এই জায়গায় পৌঁছতে লেগেছে ৮ বছর।”
এর পরেই কৃতির এক স্বপ্নের কথা প্রকাশ্যে আসে। তিনি জানান, “রণবীর আমাকে বলেছিল, যেদিন আমরা দু’জনেই সেরা অভিনেতা ও অভিনেত্রী হয়ে উঠব, সেদিন আমরা একসঙ্গে কাজ করব।” অবশেষে সেই দিন এসে গেল বলেই মনে করছেন অনুরাগীরা।
প্রথমে শোনা গিয়েছিল, ‘ডন ৩’-এর কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন কিয়ারা আডবানি। তবে গর্ভবতী হওয়ার কারণে তিনি এই প্রোজেক্ট থেকে সরে দাঁড়ান। তারপর থেকেই আলোচনায় আসে কৃতির নাম। এখন যদিও নির্মাতাদের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবু বলিপাড়ার দাবি—কৃতি ও রণবীর জুটি এবার 'ডন ৩'-এ নতুন ঝড় তুলতে চলেছে।