
শেষ আপডেট: 23 October 2023 17:37
দ্য ওয়াল ব্যুরো: শীঘ্রই শুরু হতে চলেছে ‘কফি উইথ করণ’-এর অষ্টম সিজন। যেখানে প্রথমবার একসঙ্গে অতিথি হয়ে আসবেন বলিউডের পাওয়ার কাপল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। এই দু’জনের সঙ্গেই করণের সখ্যতার কথা কারও অজানা নয়। আর তাই তিনজনের আড্ডাও হয়েছে লাগামছাড়া। আর সেই আড্ডাতেই একেবারে বোমা ফাটিয়েছেন রণবীর। দীপিকার সঙ্গে সম্পর্ক নিয়ে বলতে গিয়েই সেই অজানা কথা প্রকাশ্যে এনে ফেললেন অভিনেতা। জানালেন, ২০১৮ সালে ইতালিতে জাঁকজমক বিয়ের তিনবছর আগেই তাঁরা চুপি চুপি এনগেজমেন্ট সেরে ফেলেছিলেন।
সম্প্রতি দীপিকা-রণবীরের সঙ্গে করণের কফি আড্ডার প্রোমো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। তাতেই এই বিস্ফোরক স্বীকারোক্তি শোনা গিয়েছে রণবীরের মুখে। নিজের শো-তে প্রথমবার একসঙ্গে দীপিকা ও রণবীরকে পেয়ে প্রথমে প্রশ্নটা করেন করণ নিজেই। তিনি জিজ্ঞাসা করেন, “তোমরা চুপিসাড়ে এনগেজমেন্ট করে ফেলেছিলে না?” জবাবে রণবীর বলেন, “২০১৫ সালে আমি ওঁকে প্রপোজ করি। দেরি করলে যদি অন্য কেউ চলে আসে, সেই ভয়ে আমি আগে গিয়ে জুতো রেখে দিয়েছি।” সে কথা শুনেই দীপিকা বলেন, “অগ্রিম বুকিং সেরে রেখেছিল আর কী!”
View this post on Instagram
সেই প্রোমোতে আরও একটি প্রশ্ন করতে দেখা গিয়েছে করণকে। দীপিকাকে তিনি জিজ্ঞাসা করেন, “তুমি কি কখনও রকি রান্ধওয়াকে ডেট করতে?” সে কথা শুনে অভিনেত্রী বলেন, “আমি রকি রান্ধওয়াকে বিয়ে করেছি।” উল্লেখ্য, রকি রান্ধওয়া আসলে করণ জোহরের সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে রণবীরের চরিত্রের নাম। যেখানে একজন হ্যান্ডসাম পাঞ্জাবি ছেলের ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেতাকে। আগামী ২৬ অক্টোবর থেকে ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে ‘কফি উইথ করণ’-এর অষ্টম সিজন।