আজ তাঁর জন্মদিনে ফিরে দেখা যাক এক পুরনো কাহিনি, যা অনেকেই হয়তো জানেন না—একটা সিনেমা থেকে মাত্র একদিন শুটিংয়ের পরই তাঁকে বাদ দেওয়া হয়েছিল!

ক্যাটরিনা।
শেষ আপডেট: 16 July 2025 15:47
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের গ্ল্যামার দুনিয়ায় আজ যাঁর নাম আলোয় ভাসে, সেই ক্যাটরিনা কাইফের পথচলা কিন্তু একেবারেই মসৃণ ছিল না। আজ তাঁর জন্মদিনে ফিরে দেখা যাক এক পুরনো কাহিনি, যা অনেকেই হয়তো জানেন না—একটা সিনেমা থেকে মাত্র একদিন শুটিংয়ের পরই তাঁকে বাদ দেওয়া হয়েছিল!
ক্যাটরিনা কাইফ এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘সায়া’ ছবিতে প্রথমে তাঁকেই নেওয়া হয়েছিল। পরিচালনায় ছিলেন অনুরাগ বসু। কিন্তু শুটিং শুরু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে সরিয়ে দেওয়া হয়, এবং তাঁর জায়গায় কাস্ট করা হয় তারা শর্মাকে। ছবির বাকি কাস্টে ছিলেন মহিমা চৌধুরী, জন আব্রাহাম, হর্ষ ছায়া, রাজেন্দ্রনাথ জুতসি-সহ আরও অনেকে।
'সায়া' ছিল একটি রোমান্টিক থ্রিলার, যেখানে প্রেম, মৃত্যু ও আত্মার টানাপোড়েনের গল্প ফুটে উঠেছিল। একাধিক জনপ্রিয় গান ছিল এই ছবিতে—‘ও সাথিয়া’, ‘আয়ি যে তেরি ইয়াদ’ আর ‘আয়ে মেরি জিন্দেগি’-র মতো মেলোডি আজও শোনেন দর্শক।

‘সায়া’ ছবিতে ছিলেন তারা শর্মা, মহিমা চৌধুরী, জন আব্রাহাম, হর্ষ ছায়া, রাজেন্দ্রনাথ জুতসি প্রমুখ
সেই ঘটনার স্মৃতি আজও তাজা ক্যাটরিনার মনে। তিনি বলেছিলেন, “তখন মনে হয়েছিল আমার জীবন শেষ। কেরিয়ার বুঝি শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল।” শুধু তাই নয়, কেউ একজন তাঁকে বলেছিলেন, তাঁর অভিনয়ের কিছুই মূল্য নেই। সে সময় কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। কিন্তু হাল ছাড়েননি। “আমি তখনও কেঁদেছিলাম, এখন বুঝতে পারি সেই কষ্টটাও দরকারি ছিল। কিন্তু তারপরে নিজের স্বপ্নটা আঁকড়ে ধরেছিলাম। পরিশ্রম করে গিয়েছি। এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে প্রত্যাখ্যানকে মোকাবিলা করার মানসিকতা চাই,”—বলেন ক্যাটরিনা।
২০০৩ সালে ‘বুম’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখলেও, আসল স্বীকৃতি আসে বহু পরের দিকে। একের পর এক হিট ছবিতে অভিনয় করে আজ তিনি বলিউডের শীর্ষ অভিনেত্রীদের একজন। আজ তাঁর জন্মদিনে, ক্যাটরিনা কাইফের সেই না-শোনা গল্প আমাদের মনে করিয়ে দেয়—সাফল্যের পেছনে লুকিয়ে থাকে বহু অশ্রু, প্রত্যাখ্যান আর অক্লান্ত পরিশ্রম।