দিনে ৮ ঘণ্টার বেশি শুটিং না করার দাবিতে বলিউডে শুরু হয়েছে নতুন বিতর্ক।

করিনা কাপুর ও দীপিকা পাড়ুকোন
শেষ আপডেট: 8 March 2026 15:04
দ্য ওয়াল ব্যুরো: নির্দিষ্ট সময় মেনে কাজ করা এবং দিনে আট ঘণ্টার বেশি শুটিং না করার দাবি তুলে বিনোদন জগতে যেন নতুন আলোচনার সূত্রপাত করেছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। গত বছর থেকেই তাঁর এই অবস্থানকে কেন্দ্র করে বলিউডে মতভেদ দেখা গিয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, আট ঘণ্টার বেশি শুটিং না করার শর্ত দেওয়ায় পরিচালক সন্দীপ রেড্ডী ভাঙ্গার একটি ছবি থেকেও বাদ পড়তে হয়েছিল তাঁকে। এবার দীপিকার এই সিদ্ধান্তের পাশে দাঁড়িয়ে প্রকাশ্যে মত জানালেন দুই সন্তানের মা করিনা কাপুর (Kareena Kapoor)।
অভিনয়ের পাশাপাশি পরিবারকেও সমান গুরুত্ব দেন করিনা। দুই সন্তানকে নিজের হাতে বড় করছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকার অবস্থানকে সমর্থন করে করিনা বলেন, “চলচ্চিত্র জগতে অভিনেত্রীদের এই স্বাধীনতা থাকা খুবই জরুরি, যাতে তারা নিজের সুবিধা-অসুবিধা ও মতামত খোলাখুলি বলতে পারেন। পাশাপাশি পরিচালক ও প্রযোজকদের সঙ্গে এমন একটি পরিবেশ থাকা দরকার, যেখানে যে কোনও বিষয় নিয়ে বোঝাপড়া করা যায়। একজন নারী হিসেবে মাতৃত্বকে গুরুত্ব দেওয়া কোনও ভুল দাবি নয়। যদি কেউ মনে করেন কাজের পাশাপাশি সন্তানই তাঁর প্রথম অগ্রাধিকার হবে, তবে সেটাই হওয়া উচিত। তবে এই বিষয়গুলো অবশ্যই ছবির শুটিং শুরু হওয়ার আগেই পরিষ্কার করে নেওয়া দরকার।”
২০১২ সালে পতৌদি পরিবারের পুত্রবধূ হন করিনা কাপুর। অভিনেতা সইফ আলি খানের সঙ্গে তাঁর সংসারে এখন দুই সন্তান—তৈমুর ও জেহ। কাজ এবং পরিবারের মধ্যে ভারসাম্য কীভাবে বজায় রাখেন, সেই অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
তিনি জানান, ‘বাকিংহাম মার্ডার্স’ ছবির শুটিং চলাকালীন টানা ৩৫ দিন লন্ডনে থাকতে হয়েছিল তাঁকে। তবে সেই শুটিংকে দু’ভাগে ভাগ করে নেওয়া হয়েছিল। করিনা বলেন, “আমি প্রথমে কিছু অংশের শুটিং শেষ করে দেশে ফিরে আসি। ওই সময়ে ছবির অন্য কিছু সিকোয়েন্সের শুটিং চলছিল। দেশে ফিরে পরিবারের সঙ্গে দীপাবলি কাটিয়েছিলাম এবং কিছুটা সময় তাঁদের সঙ্গে কাটিয়েছি। এরপর আবার লন্ডনে গিয়ে আমার বাকি অংশের শুটিং শেষ করি।”
এই পুরো প্রক্রিয়ায় স্বামী সইফ আলি খানের সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি। করিনার মতে, একজন অভিনেত্রীর জন্য প্রযোজনা সংস্থার সঙ্গে এই ধরনের বোঝাপড়া থাকা খুবই জরুরি, বিশেষ করে যখন তাঁর সন্তান রয়েছে। তিনি বলেন, “আমার দুই সন্তান রয়েছে, তাই প্রযোজনা সংস্থার সঙ্গে এই বোঝাপড়াটা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা না হলে একজন অভিনেত্রীর পক্ষে সবটা সামলানো খুবই কঠিন হয়ে যায়।”