লাইভে আবেগঘন বার্তায় বলেছিলেন, ‘একটু ভালবাসা চেয়েছিলাম’। তার কিছু ঘণ্টার মধ্যেই দুর্ঘটনায় গুরুতর জখম জনপ্রিয় ইউটিউবার অনুরাগ দোভাল।

অনুরাগ দোভাল
শেষ আপডেট: 8 March 2026 12:43
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় লাইভে ছিলেন। কথা বলতে বলতে চোখে জল। তারপর হঠাৎ গতি বাড়ালেন গাড়ির। স্পিডোমিটারে ১৫০ কিমি প্রতি ঘণ্টারও বেশি। কয়েক সেকেন্ড পরই নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা মিডিয়ান ব্যারিয়ারে। ভয়াবহ দুর্ঘটনার পর গুরুতর জখম জনপ্রিয় ইউটিউবার ও বিগ বস প্রতিযোগী অনুরাগ দোভাল (Anurag Dobhal)। বর্তমানে হাসপাতালে তিনি।
লাইভ স্ট্রিম চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা
ঘটনাটি ঘটে শনিবার রাতে। দিল্লি–মিরাট এক্সপ্রেসওয়ের (Delhi–Meerut Expressway) গাজিয়াবাদের মসুরি এলাকায়। দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন অনুরাগ। সেই সময় ইনস্টাগ্রামে লাইভে ছিলেন। ভিডিওতে দেখা যায়, একটি টয়োটা ফর্চুনার (Toyota Fortuner) চালাচ্ছেন এবং গাড়ির গতি ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টারও বেশি।
লাইভে অনুরাগকে অত্যন্ত আবেগপ্রবণ অবস্থায় দেখা যায়। তিনি নিজের ব্যক্তিগত জীবনের কথা বলছিলেন এবং চোখে জল নিয়ে মায়ের উদ্দেশে বলেন, ‘পরের জন্মে যদি আবার আসি, মা, আমাকে শুধু একটু ভালবাসা দিও। আমার খুব দরকার ছিল ভালবাসার।’ এক পর্যায়ে তিনি বলেন, ‘চলো, শেষ একটা ড্রাইভে যাই।’ তারপর ক্যামেরা ঘুরিয়ে স্পিডোমিটার দেখান। কিছুক্ষণ পরই গাড়িটি হঠাৎ ডানদিকে ঘুরিয়ে মিডিয়ান ব্যারিয়ারে ধাক্কা মারে। দুর্ঘটনার মুহূর্তে প্রায় ৮২ হাজার মানুষ সেই লাইভ দেখছিলেন বলে জানা গেছে।
ম্যানেজারের বিবৃতি
দুর্ঘটনার পর পথচারীরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত অনুরাগকে মিরাটের সুভারতি হাসপাতালে (Subharti Hospital) ভর্তি করে। পরে তাঁকে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন। অনুরাগের ম্যানেজার রোহিত পাণ্ডে (Rohit Pandey) ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়ে পরিস্থিতির কথা জানান। বলেন, ‘অনুরাগ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। সবাইকে অনুরোধ করছি গুজব ছড়াবেন না এবং শুধুমাত্র আমাদের অফিসিয়াল আপডেটের উপর ভরসা রাখুন।’
পরবর্তী আপডেটে তিনি জানান, অনুরাগকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং তিনি আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি তিনি অনুরাগের অনুরাগীদের ধন্যবাদ জানান। তাঁর কথায়, ‘কয়েকজন ভক্তই আমাদের সাহায্য করেছেন তাঁর লোকেশন খুঁজে বের করতে এবং দ্রুত সাহায্য পৌঁছতে।’
দুর্ঘটনার আগে ‘লাস্ট মেসেজ’ ভিডিও
দুর্ঘটনার কয়েকদিন আগেই ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। ভিডিওটির নাম ছিল ‘দ্য লাস্ট মেসেজ’ (The Last Message)। সেখানে দাবি করেন, পরিবারের সঙ্গে গুরুতর বিবাদ চলছে। নিজের পছন্দের মেয়ে ঋতিকাকে (Ritika) বিয়ে করার পর থেকেই পরিবারের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায় বলে জানান সেখানে। কারণ ঋতিকা অন্য জাতের। ভিডিওতে তিনি বলেন, গত কয়েক মাসে তাঁর জীবন পুরোপুরি বদলে গেছে। মানসিক চাপে আছেন এবং গভীর হতাশায় ভুগছেন। এমনকি তিনি দাবি করেন, পরিবারের চাপের কারণেই ভেঙে পড়েছেন মানসিকভাবে।
সোশ্যাল মিডিয়ায় করা পোস্টের সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে তিনি ঠিকমতো খাচ্ছেন না এবং ঘুমোতেও পারছেন না। তাঁর কথায়, ‘আমি শুধু ঘুমোতে চাই।’
ইউটিউব থেকে বিগ বস, তারপর বিতর্ক
অনুরাগ দোভাল সোশ্যাল মিডিয়ায় ‘ইউকে০৭ রাইডার’ (UK07 Rider) নামে পরিচিত। তিনি ভারতের অন্যতম জনপ্রিয় মোটোভ্লগারদের একজন। ইউটিউবে (YouTube) লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। দামী গাড়ি, বাইক এবং ট্রাভেল ভ্লগের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন প্রচুর। পরে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ১৭’ (Bigg Boss 17)-এর প্রতিযোগী হিসেবেও অংশ নেন।
গ্ল্যামার, খ্যাতি, বিপুল ফলোয়ার—সবই ছিল তাঁর জীবনে। কিন্তু সাম্প্রতিক ভিডিও ও লাইভ স্ট্রিমে তাঁর ব্যক্তিগত সংকট সামনে আসে। লাইভে যখন তিনি দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন, তখন হাজার হাজার দর্শক থামতে বলছিলেন। কেউ কান্নার ইমোজি পাঠান, কেউ বলছিলেন ‘আমরা তোমার সঙ্গে আছি।’ কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে যায় দুর্ঘটনা।
বর্তমানে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে। চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন। আর সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তরা একটাই প্রার্থনা করছেন—যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন অনুরাগ দোভাল (Anurag Dobhal)।