
ফাইল চিত্র
শেষ আপডেট: 26 February 2025 18:49
দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খান এবং রানি মুখোপাধ্যায়—এই জুটি বারবার বড় পর্দায় দর্শকদের মন জিতেছে। তাঁদের অভিনীত একের পর এক হিট ছবিতে প্রেম, আবেগ আর রোম্যান্স ছিল অসাধারণ। কিন্তু এই জনপ্রিয় জুটিকে ঘিরে একবার বড় সমস্যায় পড়েছিলেন পরিচালক করণ জোহর। কারণ ছিল সেই প্রেমের গল্পেই সাহসী উপস্থাপনা। ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘কভি আলবিদা না কহনা’ ছবির জন্য চর্চার কেন্দ্রে উঠে এসেছিলেন করণ।
ছবির গল্পে পরকীয়া সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছিলেন তিনি। অনেকেই তখন বলেছিলেন, করণ যেন পরিণত কনটেন্টে হাত দিয়েছেন। তবে এই নতুন দৃষ্টিভঙ্গি নিতে গিয়ে কম সমালোচনার মুখে পড়তে হয়নি তাঁকে। করণ জোহরের এই সাহসী সিদ্ধান্ত নিয়ে আপত্তি তুলেছিলেন স্বয়ং আদিত্য চোপড়া। শাহরুখ-রানির মধ্যে দেখানো সম্পর্কের সমীকরণ দর্শক কীভাবে গ্রহণ করবেন, তা নিয়ে সন্দেহ ছিল আদিত্যর।
করণের সঙ্গে দীর্ঘ ফোনালাপে আদিত্য তাঁর আশঙ্কার কথা জানিয়ে দেন। অন্যদিকে করণ সাফ বলেছিলেন, যেখানে প্রেমের সম্পর্ক রয়েছে, সেখানে শারীরিক ঘনিষ্ঠতা থাকাটাও স্বাভাবিক। তবে শেষ পর্যন্ত করণ সিদ্ধান্ত নেন, ছবিতে ঘনিষ্ঠ দৃশ্য খুব বেশি দেখানো ঠিক হবে না। ‘কভি আলবিদা না কহনা’ ছবিতে শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায়ের পরকীয়ার গল্প দেখানো হয়, যা তখনকার দিনে যথেষ্ট বিতর্কের সৃষ্টি করেছিল।
ছবিতে দু’জনের মধ্যে ঘনিষ্ঠ দৃশ্যও ছিল, যা নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে। যদিও ছবির শেষে অনুতাপ এবং সম্পর্কের জটিলতা গল্পে ভারসাম্য বজায় রেখেছিল। শাহরুখ-রানিকে এতটা সাহসী চরিত্রে আগে কখনও দেখা যায়নি, আর সেখানেই এই জুটির নতুন রূপ দেখেছিল দর্শক। ছবিতে আরও অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন, প্রীতি জিন্টা এবং অমিতাভ বচ্চন।