‘আমি শুধু খেলতে চেয়েছিলাম। দলভুক্ত হতে চেয়েছিলাম। কিন্তু কেউ আমাকে নেয়নি। কারণ আমি নাকি ছেলে নই।’ কথাগুলো করণ জোহরের।

করণ জোহর
শেষ আপডেট: 25 July 2025 18:47
দ্য ওয়াল ব্যুরো: ‘আমি শুধু খেলতে চেয়েছিলাম। দলভুক্ত হতে চেয়েছিলাম। কিন্তু কেউ আমাকে নেয়নি। কারণ আমি নাকি ছেলে নই।’ কথাগুলো করণ জোহরের। সেই চিরচেনা গ্ল্যামার জগতের সফল নির্মাতা, যার ছবি একের পর এক জায়গা করে নিয়েছে দর্শকের হৃদয়ে। অথচ সেই মানুষটিই আজ মুখ খুললেন নিজের একাকীত্ব, বঞ্চনা আর প্রশ্নবিদ্ধ শৈশব নিয়ে।
‘ধড়ক ২’-এর মুক্তির আগে জয় শেঠির সঙ্গে একান্ত কথোপকথনে করণ জানালেন, ছোট থেকেই তিনি বুঝেছিলেন, তিনি আলাদা। আশির দশকে বেড়ে ওঠা এক শিশুর পক্ষে সেই ‘আলাদা’ অনুভবটা কেমন ছিল, সেটা ভাষায় ধরাই কঠিন।
‘আমি মেয়েদের মতো হাঁটতাম, দৌড়াতাম, কথা বলতাম। আমার পছন্দগুলো ছিল একেবারে আলাদা। আমাকে প্রায়ই বলা হত, আমি মেয়েলি। এবং সেটা ছিল যেন এক অপরাধ।’ স্পষ্ট বলেন করণ।
তাঁর স্পষ্ট বক্তব্য, খেলাধুলায় ভাল না হওয়ার জন্য নয়, বরং সমাজের নির্ধারিত 'ছেলেদের মানদণ্ড'-এর বাইরে ছিলেন বলেই, বারবার অবহেলিত হয়েছেন। বলেন, 'আমি ফুটবল বা ক্রিকেট খেলতে চাইতাম, কিন্তু দলেই নেয়নি কেউ। শুধু কারণ আমি তাদের মতো “ছেলে” ছিলাম না।’