ছবিতে অভিনয় করেছিলেন প্রভাস (Prabhas), অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং কমল হাসান (Kamal Haasan)। বর্তমানে সেই ছবির সিক্যুয়েলের কাজ শুরু হয়ে গিয়েছে। তবে আজও চর্চায় এই ছবির ব্যবসা থেকে শুরু করে মোট বাজেট।

শেষ আপডেট: 9 March 2026 17:10
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ সালের অন্যতম সায়েন্স ফিকশন ব্লকবাস্টার ছবি কল্কি ২৮৯৮ এডি (Kalki 2898 AD) মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তার বিশাল বাজেট। পাশাপাশি চমকপ্রদ ভিএফএক্স এবং বিশাল কাস্ট এই ছবির অন্যতম চর্চিত বিষয়। ছবিতে অভিনয় করেছিলেন প্রভাস (Prabhas), অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং কমল হাসান (Kamal Haasan)। বর্তমানে সেই ছবির সিক্যুয়েলের কাজ শুরু হয়ে গিয়েছে। তবে আজও চর্চায় এই ছবির ব্যবসা থেকে শুরু করে মোট বাজেট। স্টারকাস্ট ভরপুর এই ছবিতে জানেন কি, সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছিলেন কে?
সম্প্রতি পরিচালক তথা অভিনেতা যোগী সেতু (Yugi Sethu) দাবি করেছেন, ছবির জন্য সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন কামাল হাসান (Kamal Haasan)। একটি সাক্ষাৎকারে তিনি জানান, এই ছবিতে কাজ করার জন্য কমল হাসান নাকি প্রায় ১৫০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। তাঁর কথায়, মাত্র ২০ দিনের শুটিংয়ের জন্যই এই বিপুল অর্থ পেয়েছেন অভিনেতা।
যোগী আরও বলেন, কমল হাসানের জন্মদিনে তিনি মজা করে বলেছিলেন—ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা এখন তিনিই, কারণ এই ছবি করতে দিনে প্রায় ১০ লক্ষ ডলার করে পাচ্ছেন। পরে ছবির প্রযোজক নাকি তাঁকে সংশোধন করে জানান, কমল আসলে ২০ দিন নয়, ১০ দিন শুটিং করেছিলেন। তখন যোগী হাসতে হাসতেই বলেন, “তাহলে দিনে ২০ লক্ষ ডলার!”
যদিও ছবিতে কমল হাসানের উপস্থিতি খুব বেশি সময়ের জন্যে ছিল না। তাঁর চরিত্রটি গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি এখানে ‘সুপ্রিম ইয়াস্কিন’ নামের এক স্বৈরাচারী শাসকের চরিত্রে অভিনয় করেছেন, যে ডিস্টোপিয়ান দুনিয়া ‘কমপ্লেক্স’-কে নিয়ন্ত্রণ করে। ছবির শেষ অংশে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে সিক্যুয়েলে তাঁর চরিত্রের ভূমিকা আরও বড় হতে চলেছে।
সাম্প্রতিক সময়ে কমল হাসানের বাজারমূল্যও অনেকটাই বেড়েছে। ২০২২ সালে মুক্তি পাওয়া তাঁর ছবি বিক্রম (Vikram) বক্স অফিসে বিশাল সাফল্য পায় এবং বিশ্বজুড়ে প্রায় ৪০০ কোটির ব্যবসা করে। সেই সাফল্যের পর থেকেই তাঁর পারিশ্রমিক ও চাহিদা নয়া উচ্চতায় পৌঁছেছে বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই কল্কি ২৮৯৮ এডি (Kalki 2898 AD)-এর সিক্যুয়েলের কাজও শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি সেট থেকে ছবি শেয়ার করে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) জানিয়েছেন, দীর্ঘদিন পর আবার একসঙ্গে কাজ করছেন তিনি এবং কমল হাসান।