তামিলনাড়ুর রাজ্যসভা সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথম দলীয় বৈঠকে এক অপ্রত্যাশিত ঘটনার মুখে পড়লেন অভিনেতা তথা রাজনীতিক কমল হাসান।

কমল হাসান
শেষ আপডেট: 15 June 2025 16:09
দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ুর রাজ্যসভা সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথম দলীয় বৈঠকে এক অপ্রত্যাশিত ঘটনার মুখে পড়লেন অভিনেতা তথা রাজনীতিক কমল হাসান। শনিবার চেন্নাইয়ে তাঁর দল মাক্কাল নিধি মাইয়ামের (MNM) এক বৈঠকে এক অনুরাগী জোর করে তাঁর হাতে তলোয়ার ধরিয়ে ছবি তুলতে চান। প্রথমে হাসিমুখে মানা করলেও পরে রেগে যান কমল।
ঘটনার একটি ছোট ক্লিপ শনিবার এক্স (পূর্বতন টুইটার)-এ শেয়ার করে পিটিআই। তাতে দেখা যায়, কমল হাসান মঞ্চে উপস্থিত, তখন এক অনুরাগী তলোয়ার হাতে তাঁর দিকে এগিয়ে এসে অনুরোধ করতে থাকেন একটি ছবি তোলার জন্য। তিনি তলোয়ারটি খাপ থেকে বার করার চেষ্টা করছিলেন, এমনকি গিঁট খোলার চেষ্টাও করছিলেন।
ঘটনার ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ লেখেন, “কেন কমল হাসান রেগে গিয়েছিলেন, সেটা বলাও উচিত। তিনি স্পষ্ট করে বলেছিলেন, ‘আমরা হাতে বই ও কলম রাখতে পারি, তলোয়ার নয়।’ তিনি অন্যদের মতো তলোয়ার তুলে ছবি তুলতে চাননি। এটাই একজন সৎ রাজনীতিকের পরিচয়।” আরও এক মন্তব্য, “তাঁর আদর্শের সঙ্গে তিনি সব সময় থাকেন। তলোয়ার নয়, হাতে থাকা উচিত কলম।”
গত বৃহস্পতিবার কমল হাসান সহ মোট ছ’জন তামিলনাড়ু থেকে রাজ্যসভায় নির্বাচিত হন। তাঁরা চেন্নাই সচিবালয়ে রিটার্নিং অফিসার সুব্রহ্মণীর কাছ থেকে নির্বাচনের সার্টিফিকেট গ্রহণ করেন। বাকি পাঁচজন হলেন—ডিএমকের কবি সালমা (এ রোকাইয়া মালিক), এস আর শিবলিঙ্গম, পি উইলসন (দ্বিতীয়বার), এবং এআইএডিএমকের আই এস ইনবাদুরাই ও ধনপাল।
সম্প্রতি মণিরত্নম পরিচালিত ‘ঠগ লাইফ’-এ দেখা গিয়েছে কমল হাসানকে। ছবিতে তাঁর সহ-অভিনেতা ছিলেন তৃষা কৃষ্ণান ও সিলাম্বরাসন। তবে কর্নাটকে তাঁর একটি মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়, যেখানে কন্নড় ভাষা সম্পর্কে তাঁর বক্তব্যে ক্ষুব্ধ হন অনেকেই, এমনকি কর্নাটক ফিল্ম চেম্বার অফ কমার্স (KFCC) ছবির মুক্তি নিষিদ্ধ করে। সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে বিষয়টি। ছবিটি ৬ জুন মুক্তি পেলেও বক্স অফিসে খুব একটা সাড়া ফেলেনি।