দীপিকা পাড়ুকোনের ৮ ঘণ্টা কাজের দাবি ঘিরে যখন ইন্ডাস্ট্রিতে তুমুল আলোচনা চলছে, তখন এবার সেই বিতর্কে মুখ খুললেন অভিনেত্রী কাজল।

দীপিকা পাড়ুকোন ও কাজল
শেষ আপডেট: 15 June 2025 15:49
দ্য ওয়াল ব্যুরো: সিনেমার জগতে সদ্য মা হওয়া অভিনেত্রীদের পক্ষে কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা যে কতটা কঠিন—সেটাই ফের উঠে এল আলোচনায়। দীপিকা পাড়ুকোনের ৮ ঘণ্টা কাজের দাবি ঘিরে যখন ইন্ডাস্ট্রিতে তুমুল আলোচনা চলছে, তখন এবার সেই বিতর্কে মুখ খুললেন অভিনেত্রী কাজল।
কাজলের দাবি, তিনি তাঁর কেরিয়ারে কখনও ২০ ঘণ্টা কাজ করেননি এবং সচেতন ভাবেই এক সময় একটিমাত্র ছবিতে কাজ করেছেন। এর ফলে, তিনি পেশাগত জীবন এবং ব্যক্তিগত জীবনের মধ্যে সুস্থ ভারসাম্য বজায় রাখতে পেরেছেন। অভিনেত্রী জানান, এমন কাজের পরিবেশ গঠনে প্রযোজকরাও যথেষ্ট সাহায্য করেছেন।
স্মৃতিচারণায় কাজল জানান, যখন তাঁর প্রথম সন্তান নাইসার জন্ম হয়, তখন কাজ এবং পরিবার সামলানো খুবই কঠিন হয়ে উঠেছিল। সেসময় পাশে দাঁড়িয়েছিলেন স্বামী অজয় দেবগন ও অন্যান্য প্রযোজকেরা। ‘ইউ, মি অউর হম’ ছবির শ্যুটিং চলাকালীন তাঁর বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। সেসময় ছবির প্রযোজক অজয় তাঁকে বাড়ি যেতে উৎসাহ দেন, কোনো আপত্তি ছাড়াই।
পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে কাজল বলেন, “আমি সেই অল্প কয়েকজনের মধ্যে একজন, যাঁরা এক সময়ে একটি মাত্র ছবিতে কাজ করতেন। আমি কখনও ২০ বা ৩০ ঘণ্টা একটানা কাজ করিনি। আমি সবসময় বলতাম, আমি একটা নির্দিষ্ট সময় পর্যন্তই কাজ করব। আমার মা সবসময় এই বিষয়ে আমাকে সমর্থন করতেন।”
প্রসঙ্গত, দীপিকা পাড়ুকোন সম্প্রতি ‘স্পিরিট’ ছবির কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। সদ্য মা হওয়া দীপিকা দিনে ৮ ঘণ্টা কাজের দাবি করেছিলেন, যা পূরণ না হওয়ায় তিনি সরে যান। তাঁর পরিবর্তে এখন ছবিটিতে কাস্ট হয়েছেন তৃপ্তি দিমরি। তবে দীপিকাকে দেখা যাবে অ্যাটলি পরিচালিত একটি ছবিতে, যেখানে নায়কের ভূমিকায় থাকবেন আল্লু অর্জুন।