
শেষ আপডেট: 6 September 2023 13:31
অবশেষে জট কাটিয়ে পুনরায় মুক্তি পেতে চলেছে অরোরা ফিল্ম কর্পোরেশন প্রযোজিত 'কালকক্ষ' (kalkokkho)। ৮ সেপ্টেম্বর থেকে নন্দন ১-এ সন্ধ্যা ৬.১৫ এবং রাধা স্টুডিওতে বিকেল ৪টের শো-তে এই ছবি দেখা যাবে। ছবিটি পরিচালনা করেছেন শর্মিষ্ঠা মাইতি রাজদীপ পাল।
ইতিপূর্বে প্রযোজনা সংস্থা থেকে ১ সেপ্টেম্বর এই ছবি আবারও সিনেমা হলে মুক্তি পাবে বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু ৩০ অগাস্ট প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল যে কালকক্ষ যে জঁরের ছবি তার উপযুক্ত হল এবং শো টাইম না পাওয়ার দরুন ছবিটি তাঁরা মুক্তি দিতে পারছেন না। উপযুক্ত শো টাইম এবং সিনেমা হল পেলে নতুন মুক্তির তারিখ অবিলম্বে ঘোষণা করা হবে।

প্রযোজক অঞ্জন বসু জানালেন,' নন্দন কর্তৃপক্ষ যেভাবে সহযোগিতা করলেন, আশা করি এই ছবি সাফল্যের মুখ দেখতে পাবে। আমি রীতিমতো উৎসাহিত বোধ করছি যে বাংলার দর্শক এই ছবিটি দেখতে পাবেন। এছাড়াও নতুন পরিচালক জুটি তাঁদের কাজ দর্শকদের সামনে তুলে ধরতে পারবেন এইটা ভেবে আমি খুবই আনন্দিত। আমাদের শহরের সবচেয়ে বড় প্রেক্ষাগৃহ নন্দন ১ এবং রাধা স্টুডিও। এই ছবিটি ৮ সেপ্টেম্বর থেকে দেখা যাবে। যদি দেখি এই ছবি দর্শকদের অধীর আগ্রহ সৃষ্টি করেছে তখন অন্যান্য হলেও যাতে ছবিটি দেখানো যায় সেই চেষ্টা করব।'

পরিচালক শর্মিষ্ঠা বলেন, 'কালকক্ষ তার নিয়তি নিয়ে জন্মেছিল। সে যেন তার নিয়তি নিয়েই এগিয়ে চলেছে। শেষমেশ নন্দন ১ এর মতো কলকাতা শহরের সবচেয়ে বড় প্রেক্ষাগৃহে ছবিটি দেখা যাবে এবং দর্শক সেখানে গিয়ে ছবিটি দেখবেন এটা ভেবেই আমরা অত্যন্ত আপ্লুত। সবচেয়ে বড় ব্যাপার ওই রকম প্রজেকশনে এই ছবিটা দেখানো যাবে যার জন্য দীর্ঘদিন ধরে আমরা অধীর আগ্রহে ছিলাম। বড় স্ক্রিনের জন্য এই ছবিটি আমরা তৈরি করেছিলাম। ছবিটি প্রথম মুক্তি পেয়েছিল নন্দন ২ তে। কলকাতা ছাড়া ভারতবর্ষের অন্যান্য শহরে অনেক বড় বড় প্রেক্ষাগৃহে যেখানে যেখানে এই ছবিটি দেখানো হয়েছিল সেখানে গিয়ে আমরা ছবিটি দেখিয়েছি। কলকাতা চলচ্চিত্র উৎসবে 'নেটপ্যাক' অ্যাওয়ার্ডের জন্য যখন এই ছবি মনোনীত হয় তখনও নন্দন ২-তেই দেখানো হয়েছিল। ফলে এই প্রথম নন্দন ১-এ কালকক্ষ জায়গা পেয়েছে সেজন্য আমরা ভীষণ খুশি। ২০২১ -২০২৩ এই দু' বছরের এত বড় একটা জার্নিতে দেরি হলেও আমাদের নিজেদের শহরে নন্দন ১ মুক্তি পাবে এই ছবি এটা নিঃসন্দেহে বড় প্রাপ্তি। আমরা রীতিমতো কৃতজ্ঞ।'

অন্যদিকে আবার রাজদীপের কথায়,' আমরা তো প্রায় আশা ছেড়েই দিয়েছিলাম। মরে গিয়েও না মরে যাওয়ার যে একটা অনুভূতি কালকক্ষ তার প্রথম দিন থেকেই সেটা দিয়ে আসছে। যতই প্রতিকূলতা আসুক না কেন একটা কথাই বলব এভাবেও ফিরে আসা যায়। সাউন্ড ডিজাইন, কালার, মিউজিক ইত্যাদি যাবতীয় বড় স্ক্রিনের কথা ভেবেই ছবিটি তৈরি করা হয়েছিল। প্রথমবার যখন ছবিটি মুক্তি পায় তখন নন্দন ১ আমরা পাইনি। আর মাল্টিপ্লেক্সের হল তো তুলনামূলকভাবে অনেক ছোট। তখন সত্যি বলতে কি ভীষণ আক্ষেপ এবং কষ্ট ছিল। শেষমেশ নন্দনের সবচেয়ে বড় হল এবং রাধাতে একই দিনে ছবিটি মুক্তি পেতে চলেছে এটা এতটাই আনন্দ যা ভাষায় প্রকাশ করতে পারব না। আবারও আমরা ছবিটি হলে দেখতে যাব।'
আপাতত হলে মুক্তি পাচ্ছে না জাতীয় পুরস্কারজয়ী 'কালকক্ষ', ভাল শো টাইম চাই, সাফ কথা প্রযোজকের