প্রিয় কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবির বিপুল সাফল্যের পর, SVF ও Nideas আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল পঞ্চম অধ্যায়— ‘ভয়ংকর সুন্দর’।

শেষ আপডেট: 14 February 2026 14:03
দ্য ওয়াল ব্যুরো: প্রিয় কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবির বিপুল সাফল্যের পর, SVF ও Nideas আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল পঞ্চম অধ্যায়— ‘ভয়ংকর সুন্দর’। ঘোষণা যেন শুধুই একটি নতুন ছবির সূচনা নয়, বরং দর্শকের সঙ্গে নির্মাতাদের এক গভীর সম্পর্কের উদযাপন। (Prosenjit Chatterjee, kakababu, Bhoyongkar Shundor)
গত কয়েক সপ্তাহ ধরে ছবির মুক্তির পর, ‘কাকাবাবু’ টিম প্রতি সপ্তাহান্তে বিভিন্ন প্রেক্ষাগৃহে পৌঁছে যাচ্ছিল। শো শেষের পর দর্শকদের সঙ্গে কথা বলে, তাঁরা, প্রতিক্রিয়া শোনেন। সেই সব কথোপকথনের মাঝেই বারবার উঠে আসছিল একটাই প্রশ্ন— “পরের কিস্তি কবে আসবে?”
আর তেমনই এক মুহূর্তে, এক সাধারণ হল-ভিজিট পরিণত হল অসাধারণ এক স্মৃতিতে। দর্শকদের বিস্মিত করে সেখানেই ঘোষণা করা হল পঞ্চম ছবির নাম। প্রেক্ষাগৃহের অন্ধকারে হঠাৎ আলো জ্বলে উঠল, আর সেই আলোয় ভেসে উঠল কৃতজ্ঞতার এক নির্মল প্রতিশ্রুতি।
প্রতিটি ছবির সঙ্গে কাকাবাবু শুধু নস্টালজিয়া ফিরিয়ে আনেনি, নতুন প্রজন্মকেও পরিচয় করিয়েছে বাংলা সাহিত্যের এক অবিনশ্বর নায়কের সঙ্গে। চতুর্থ ছবির অভূতপূর্ব সাড়া প্রমাণ করে দিয়েছে, এই চরিত্রের আবেদন সময়ের সীমানা ছাড়িয়ে আজও সমান জীবন্ত। তাই পঞ্চম ছবি শুধু একটি নতুন অধ্যায় নয়, এটি এক উদযাপন— সেই ভালবাসার, সেই বিশ্বাসের, যা দর্শক বারবার ফিরিয়ে দিয়েছে।
এই নতুন অভিযানের দায়িত্ব আবারও তুলে নিচ্ছেন পরিচালক চন্দ্রাশিস রায়। আর এই অভিযানেরও কেন্দ্রে রয়েছেন পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি নিজেই বললেন, “কাকাবাবু আমার কাছে শুধুই অভিনীত চরিত্র নয়, এটি এক আবেগ, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলেছে। চতুর্থ ছবির জন্য যে ভালবাসা পেয়েছি, তা সত্যিই বিনম্র করে দেয়। আজ দর্শকদের মাঝেই ‘ভয়ংকর সুন্দর’-এর ঘোষণা করা, যেন একসঙ্গে আনন্দ উদযাপনের মতো। প্রতিটি নতুন অধ্যায়ে আমাদের চেষ্টা থাকে সুনীল গঙ্গোপাধ্যায়-এর সৃষ্টিকে সম্মান জানিয়ে, কাকাবাবুকে এমনভাবে তুলে ধরা, যা একইসঙ্গে প্রাসঙ্গিক, শিকড়ে দৃঢ় এবং হৃদয়ে অনুরণিত হয়।”
পরিচালক চন্দ্রাশিস রায়ও জানালেন, আগের ছবির সাড়া তাঁদের বিশ্বাস আরও দৃঢ় করেছে যে কাকাবাবুর জগতে এখনও অসংখ্য সম্ভাবনা লুকিয়ে আছে। ‘ভয়ংকর সুন্দর’ সেই সম্ভাবনার নতুন দিগন্ত খুলবে— নতুন আবেগ, নতুন বিপদ, নতুন অভিযানের মধ্য দিয়ে, অথচ মূল সাহিত্যের আত্মাকে অক্ষুণ্ণ রেখেই।
এই ছবির আবেগ ও রোমাঞ্চকে আরও গভীর করে তুলবে সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত-র সংগীত। তাঁর সুর ছবির প্রতিটি মুহূর্তকে শুধু তীব্রতাই দেবে না, বরং অনুভূতির স্তরগুলোকেও আরও সমৃদ্ধ করে তুলবে।
যদিও গল্পের বিশদ বা অন্যান্য অভিনেতাদের নাম এখনও গোপন রাখা হয়েছে, জানা গেছে এইবারের অভিযান দর্শকদের নিয়ে যাবে কাশ্মীর-এর অপার সৌন্দর্য আর রহস্যময় অজানা প্রান্তরে। যেখানে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের পাশাপাশি লুকিয়ে থাকবে বিপদের ছায়া, যেখানে বুদ্ধি আর সাহসের লড়াইয়ে তৈরি হবে এক নতুন গল্প— ঠিক যেমনটা কাকাবাবুর জগতের কাছে প্রত্যাশা থাকে দর্শকদের।
এই ঘোষণার মাধ্যমে নির্মাতারা আবারও জানিয়ে দিলেন, সাহিত্য আর সিনেমার এই মেলবন্ধন শুধু একটি ফ্র্যাঞ্চাইজি নয়, এটি এক উত্তরাধিকার— যা অতীতকে সম্মান জানিয়ে, বর্তমানকে আলিঙ্গন করে, ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। ‘ভয়ংকর সুন্দর’ মুক্তি পাবে ২০২৭ সালে।