শনিবার জয়জিৎ নিজেই সেই দুর্ঘটনার খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন, যদিও পরে পোস্টটি মুছে ফেলেন। সেই পোস্ট থেকেই জানা যায়, হাইওয়ে দিয়ে ফেরার সময় পাশে থাকা একটি লরি আচমকা তাঁদের গাড়িকে দেপে দেয়।

শেষ আপডেট: 19 October 2025 17:37
দ্য ওয়াল ব্যুরো: বেশ কিছুদিন ধরেই কলকাতার বাইরে ছিলেন অভিনেতা জয়জিৎ মুখোপাধ্যায়। কখনও পুরীর জগন্নাথ মন্দির, কখনও ভাইজ্যাগ—একাধিক জায়গা থেকে ছবি শেয়ার করেছিলেন অভিনেতা। তাঁর সঙ্গে ছিলেন মা-বাবা ও ছেলে। কিন্তু ফিরতি পথে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা।
শনিবার জয়জিৎ নিজেই সেই দুর্ঘটনার খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন, যদিও পরে পোস্টটি মুছে ফেলেন। সেই পোস্ট থেকেই জানা যায়, হাইওয়ে দিয়ে ফেরার সময় পাশে থাকা একটি লরি আচমকা তাঁদের গাড়িকে দেপে দেয়। দুটি গাড়িরই গতি ছিল যথেষ্ট বেশি। ফলে মুহূর্তের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়ি। সৌভাগ্যবশত, বড় বিপদ এড়ানো গেছে। জয়জিৎ ও তাঁর পরিবারের সবাই এখন নিরাপদে আছেন, সামান্য আঘাত পেয়েছেন মাত্র। যদিও এই পোস্ট মুছে ফেলেন কিছুক্ষণের মধ্যেই।
পরে এক নতুন একটি পোস্টে অভিনেতা লেখেন, “যা বুঝলাম আমার নামের আগে late লাগতে late আছে। অ্যাক্সিডেন্টের পোস্টটা মুছে দিয়েছিলাম, কারণ প্রচুর ফোন আসছিল আমাদের ভালবাসার মানুষদের থেকে। তখন অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল। সবাইকে অন্তর থেকে ধন্যবাদ।”
দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই শুভানুধ্যায়ীরা সোশ্যাল মিডিয়ায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। ভাল আছেন জেনে সবাই খানিক স্বস্তিতে। বিগত এক বছর ধরেই জয়জিতের বৈবাহিক জীবন আলোচনার কেন্দ্রবিন্দুতে। স্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি কারও অজানা নয়। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত দুই পক্ষই মন্তব্য করেননি। দ্য ওয়াল জয়জিৎকে প্রশ্ন করেছিল, তিনি কি হ্যাপিলি ম্যারেড? হাল্কা হেসে অভিনেতা বলেছিলেন, 'আমি ম্যারেড'।