
শেষ আপডেট: 20 September 2023 15:20
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার রাস্তাঘাট বৃষ্টিতে একেবারে জল থইথই। আর তার মধ্যেই সাংবাদিক সম্মেলন হয়ে গেল স্টার জলসার নতুন ধারাবাহিক 'জল থইথই ভালবাসা'-র (Jol thoithoi Bhalobasa)। ম্যাজিক মোমেন্টস এর প্রযোজনায় ফের নতুন ধারাবাহিক জলসার পর্দায়। এত দিন যেখানে রাত ৯টার সময়ে ম্যাজিক মোমেন্টস-এর 'এক্কা দোক্কা' চলত সেখানেই আসতে চলেছে জল 'থই থই ভালবাসা'।
ধারাবাহিকের প্রোমো থেকেই স্পষ্ট এই ধারাবাহিক অপরাজিতারই (Aparajita Adhya) গল্প। অপরাজিতা অবশ্য বললেন, 'এই ছবি সব মা-দের গল্প।' 'জল থইথই ভালবাসা'-তে প্রথমবার ধারাবাহিকের পর্দায় দেখা যেতে চলেছে অনুষা বিশ্বনাথনকে (Anusha Viswanathan)। এর আগে অনেক ছবি, ওটিটি করেছেন অনুষা। তবে ধারাবাহিকে পা রাখলেন এই প্রথমবার। অপরাজিতার সঙ্গে অনুষার পর্দা ভাগ করে নেওয়া অবশ্য প্রথমবার নয়, এর আগেও 'জেনারেশন আমি' এবং 'কিশোর কুমার জুনিয়র'-এ দেখা গিয়েছিল অনুষা এবং অপরাজিতা-কে।
ইদানীংকালে ধারাবাহিকের আয়ু কমে আসছে। সেই নিয়ে কোনও রাখঢাক করলেন না অপরাজিতা। স্পষ্ট বললেন, 'কোভিডের আগে এবং পরে মানুষের পছন্দ অপছন্দে বিরাট ফারাক হয়ে গিয়েছে'। প্রসঙ্গত, একটা সময়ে ম্যাজিক মোমেন্টস-এর একের পর এক ধারাবাহিকে অপরাজিতা আঢ্যকে অবশ্যই দেখা যেত। সেখান থেকে লম্বা বিরতির পর ফের ধারাবাহিকে ফিরলেন অপা, ঠিক যেন ঘরের মেয়ে ঘরে ফিরলেন। নতুন কিছু শিখতে চাইলে বয়স যে বাধা নয় সেই পাঠই 'অপা' পড়াবেন দর্শকদের।
প্রসঙ্গত, অন্যান্য সাংবাদিক সম্মেলনে যেমন দৃশ্য দেখা যায়, এক্ষেত্রে দৃশ্যটার সামান্য বদল ঘটল। অপরাজিতা নিজেই প্রশ্ন রাখলেন সাংবাদিকদের কাছে, 'কেন মানুষ জল থইথই ভালবাসা দেখবেন?' তবে এর উত্তর যে অপরাজিতা আঢ্যর প্রাণখোলা হাসি এবং দীর্ঘদিন পর তাঁকে ছোট পর্দায় দর্শকদের ফিরে পাওয়ার আনন্দ এ কথা নিশ্চিত করলেন সাংবাদিকরাই। যেন সাংবাদিকের চোখ দিয়েই দর্শকের 'টেস্ট' বুঝে নিতে চাইলেন মুম্বই থেকে কলকাতা সকলের 'অপা'।