বলিউডে দীর্ঘদিন ধরে মানুষকে হাসির খোরাক জুগিয়েছেন জনি লিভার। অনবদ্য কমেডি আর নিজস্ব ভঙ্গিমায় তিনি হয়ে উঠেছেন বলিউডের অন্যতম সেরা কমেডিয়ান।

জনি লিভার ও পরেশ রাওয়াল
শেষ আপডেট: 30 May 2025 13:28
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে দীর্ঘদিন ধরে মানুষকে হাসির খোরাক জুগিয়েছেন জনি লিভার। অনবদ্য কমেডি আর নিজস্ব ভঙ্গিমায় তিনি হয়ে উঠেছেন বলিউডের অন্যতম সেরা কমেডিয়ান। সম্প্রতি অভিনেতা জানিয়েছেন, ‘হেরা ফেরি ৩’ ছবিতে পরেশ রাওয়ালের অনুপস্থিতি তিনি মেনে নিতে পারছেন না।
টাইমস নাওকে দেওয়া এক সাক্ষাৎকারে জনি বলেন, “আমার মনে হয়, এই বিষয়ে সবাইকে আবার একসঙ্গে বসে আলোচনা করা উচিত। পরেশজি না থাকলে ‘হেরা ফেরি’-র মতো ছবি ভাবাই যায় না। দর্শকদের জন্য হলেও একবার কথা বলার চেষ্টা করা উচিত। ভক্তরা ওঁকে না পেলে ভীষণ হতাশ হবেন। ছবি থেকে তাঁর সরে যাওয়া মানে মজার বড় অনুপস্থিতি।”
‘হেরা ফেরি ৩’ থেকে আচমকা সরে দাঁড়ানোর পর থেকেই বলিপাড়ায় নানা প্রশ্ন। পরেশ রাওয়াল অবশ্য জানিয়েছেন, মতানৈক্যের কারণে নয়, বরং পেশাদার সিদ্ধান্তের জেরেই এই ছবি থেকে বেরিয়ে এসেছেন তিনি। চুক্তি অনুযায়ী পাওয়া অর্থ তিনি ১৫ শতাংশ সুদ সহ ফেরত দিয়ে দিয়েছেন বলেও জানান।
এই প্রেক্ষাপটে আবার বড় পর্দায় ফিরছেন জনি লিভার। আগামী ৬ জুন মুক্তি পেতে চলেছে ‘হাউজফুল ৫’। এই ছবিতে বহুদিন পর আবারও চেনা ছন্দে দেখা যাবে তাঁকে। ছবিতে জনির সঙ্গে অভিনয় করেছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, ফারদিন খান, সোনম বাজওয়া, নার্গিস ফাখরি, জ্যাকলিন ফার্নান্দেজ এবং নানা পাটেকর।